২৮ বছর পর বিশ্বকাপে ফিরে ৩৬ বছর পর জিতল স্কটল্যান্ড

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে স্কটল্যান্ড ১-০ গোলে হাইতিকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে। জন ম্যাকগিনের একমাত্র গোলে জিতে গ্রুপ ‘সি’-তে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে স্কটল্যান্ড।

নয়া দিগন্ত অনলাইন
হাইতিকে ১-০ গোলে হারাল স্কটল্যান্ড
হাইতিকে ১-০ গোলে হারাল স্কটল্যান্ড |সংগৃহীত

৫২ বছরের দীর্ঘ বিরতি শেষে বিশ্বকাপে মাঠে নামে ক্যারিবীয় দেশ হাইতি। অন্যদিকে, ২৮ বছর পর একই মঞ্চে প্রত্যাবর্তন হয়েছে স্কটল্যান্ডের। ফেরার ম্যাচে রোববার মুখোমুখি হয়েছিল এই দু’দল।

তবে আবেগঘন মুহূর্তটা স্মরণীয় করে রাখতে পারেনি হাইতি। ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে হেরে গেছে দলটা। বিপরীতে ৩৬ বছরের অপেক্ষা ঘোচিয়ে জয় পেল স্কটিশরা।

‘সি’ গ্রুপের ম্যাচে রোববার বস্টন স্টেডিয়ামে হাইতিকে ১-০ গোলে হারাল স্কটল্যান্ড। এবারের বিশ্বকাপের প্রথম ইউরোপিয়ান দল হিসেবে জয়ের স্বাদ পেল তারা। একমাত্র গোলটি করেন জন ম্যাকগিন।

ইতালিতে অনুষ্ঠিত ১৯৯০ সালের টুর্নামেন্টের গ্রুপ পর্বে সুইডেনকে হারানোর পর এটিই ছিল বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম জয়। এরপর আরো দু’টি আসরে খেললেও স্কটিশরা বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারেনি।

ম্যাচে বল ধরে রাখার লড়াইয়ে দু’দলই ছিল প্রায় সমানে সমান। গোলে শর্ট নেয় হাইতি ১৩টি, স্কটল্যান্ড ৮টি। লক্ষ্যে শট ছিল দু’দলেরই ৩টি করে। তবে পরিসংখ্যান দূরে রাখলে মাঠের খেলায় আধিপত্য ছিল স্কটিশদেরই।

ম্যাচ শুরুর বাঁশি বাজার পর বেশ দ্রুতই নিয়ন্ত্রণ নেয় স্কটল্যান্ড। কখনো গোছালো আবার কখনো এলেমেলো আক্রমণ করে সুযোগ তৈরি করতে থাকে তারা। যার ধারাবাহিকতায় ২৮ মিনিটে আসে সাফল্য।

অ্যাডামসের চমৎকার পাস থেকে বল পান দুর্দান্ত খেলতে থাকা গ্যানন-ডোক। আর তিনি বল বাড়িয়ে দেন বক্সের ভেতরে থাকা ম্যাকগিনকে। যা নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়াতে সমস্যা হয়নি তার।

এই গোলটিই ম্যাচে গড়ে দেয় পার্থক্য। অবশ্য ক্যারিবীয় দলটি বেশ কয়েকটি সম্ভাবনাময় সুযোগ তৈরি করে, কিন্তু সমতা ফেরানোর জন্য প্রয়োজনীয় ফিনিশিংয়ের অভাব ছিল। যা শেষ পর্যন্ত হারের কারণ হয়ে দাঁড়ায়।

এদিকে এই জয়ে ‘সি’ গ্রুপে প্রথম ম্যাচ খেলেই ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কটল্যান্ড। ১ পয়েন্ট পাওয়া মরক্কো দুইয়ে ও তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। পয়েন্ট না পাওয়া হাইতি চারে।