নেইমারকে নিয়েই শিরোপা পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ব্রাজিল। মঙ্গলবার সকালে নিউ ওয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেলেসাওদের বহর।
বিমানবন্দরে ফুটবলারদের বহনকারী বিমানটিকে বিশেষ সম্মাননা স্বরূপ ‘ওয়াটার স্যালুট’ জানানো হয়। অবশ্য রিও ডি জেনিরোর গ্যালিয়াও বিমানবন্দর থেকে উড্ডয়নের আগমুহূর্তেও একই দৃশ্যের দেখা মেলে।
বিমানবন্দর থেকে প্রায় ৫০ মিনিটের বাসযাত্রা শেষে কার্লো আনচেলত্তির দল ওঠে নিউ জার্সির বাস্কিং রিজ এলাকায় অবস্থিত ‘দ্য রিজ’ হোটেলে। এই হোটেল থেকেই বিশ্বকাপ খেলবেন নেইমার-ভিনিসউসরা।
ব্রাজিলের অনুশীলনের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে নিউইয়র্ক রেড বুলসের মালিকানাধীন কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টার। নিউ জার্সির মরিস্টাউনে অবস্থিত এই আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রটি হোটেল থেকে মাত্র ১৫ মিনিট দূরে।
ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ আসরে। ২৪ বছরের শিরোপা খরা কাটানোর আশায় এবার বিশ্বকাপে খেলতে গিয়েছে তারা। ‘হেক্সা’ জিততে তাই চেষ্টার কোনো কমতি রাখছে না হলুদ জার্সিধারীরা।
বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। আগামী শনিবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে মিসরের মুখোমুখি হবে তারা। হান্টিংটন ব্যাংক ফিল্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এরপর বিশ্বকাপ অভিযান শুরু করবে আনচেলত্তির দল। বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী দল মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। ১৩ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।



