বিশ্বকাপের আগে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরল আর্জেন্টিনা

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের।

নয়া দিগন্ত অনলাইন
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দল
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দল |ফাইল ছবি

আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ২৩তম ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে বড় সুখবর পেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফার সদ্য প্রকাশিত সর্বশেষ বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

গতরাতে প্রীতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ ব্যবধানে হারে ফ্রান্স। এই পরাজয়ে শীর্ষস্থান হারিয়ে তৃতীয় স্থানে নেমে যায় ফরাসিরা। এই সুবাদে সিংহাসন পুনরুদ্ধার করে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট এখন ১৮৭৪ দশমিক ৮১।

এর আগে ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছিল আর্জেন্টিনা।

১৮৬৯ দশমিক ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দ্বিতীয় স্থান ধরে রেখেছে স্পেন। তাদের অর্জিত পয়েন্ট ১৮৭৩ দশমিক ০১।

শীর্ষ তিনের পর র‌্যাংকিংয়ের পরের তিনটি স্থানে কোনো পরিবর্তন হয়নি। ইংল্যান্ড চতুর্থ, পর্তুগাল পঞ্চম এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ষষ্ঠ স্থান ধরে রেখেছে। তবে সপ্তম ও অষ্টম স্থানে অদলবদল হয়েছে। এক ধাপ পিছিয়ে সপ্তম থেকে অষ্টম স্থানে নেমে গেছে নেদারল্যান্ডস। অষ্টম থেকে সপ্তম স্থানে উঠেছে মরক্কো।

এ ছাড়া বেলজিয়াম নবম ও জার্মানি দশম স্থান ধরে রেখেছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের।