বিশ্বকাপ মঞ্চে লিওনেল মেসি যেন নিজেরই অতীতকে বারবার ছাড়িয়ে যাচ্ছেন। ২০২৬ বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে আর্জেন্টিনাকে টানা দুই জয়ে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এক দিনে একাধিক ঐতিহাসিক অর্জনের সাক্ষী হয়েছেন রোজারিওর এই মহাতারকা।
আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩–০ ও ২–০ ব্যবধানের জয়ে মেসির ভূমিকা ছিল নির্ধারক। ম্যাচ দুটি দিয়ে তিনি শুধু দলের জয়ই নিশ্চিত করেননি, বরং বিশ্বকাপ ইতিহাসে নিজের অবস্থানকে আরো উঁচুতে নিয়ে গেছেন।
এই পারফরম্যান্সের পর মেসি এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। একই সঙ্গে এক দিনে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়ে ফুটবল ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছেন তিনি।
এক নজরে মেসির গিনেস রেকর্ডগুলো—
সর্বোচ্চ গোলদাতা : ১৮ গোল করে শীর্ষে মেসি। আগের রেকর্ড ছিল জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোল।
সর্বোচ্চ জয় : বিশ্বকাপে মেসির ব্যক্তিগত জয় এখন ১৮ ম্যাচে, যা সর্বোচ্চ। আগে ১৭ জয়ে রেকর্ড ছিল ক্লোসার।
সর্বোচ্চ ম্যাচ : আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ খেলে মেসির মোট ম্যাচ দাঁড়ায় ২৮টি, যা ছাড়িয়ে গেছে লোথার ম্যাথিউসের ২৬ ম্যাচের রেকর্ড।
সর্বোচ্চ মিনিট খেলা : মেসি এখন পর্যন্ত খেলেছেন ২ হাজার ৪৮৯ মিনিট, যা আগের মালদিনির ২ হাজার ২১৭ মিনিটের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
রেকর্ডের পর রেকর্ড গড়ে মেসি আবারো দেখিয়ে দিলেন—বিশ্বকাপ মঞ্চে তিনি শুধু একজন ফুটবলার নন, বরং এক চলমান ইতিহাস।



