বিশ্বকাপ ফুটবল : যা জানেন, যা জানেন না

এবার ৪৮টি দেশ অংশ নিচ্ছে এবং ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি খেলোয়াড় ইংল্যান্ডের লিগে খেলে। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদো ৪১ বছর বয়সে ষষ্ঠ বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে খেলতে যাচ্ছেন, আর সবচেয়ে বেশি বিশ্বকাপ গোলের রেকর্ড ১৬টি মিরোস্লাভ ক্লোসের।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

বিশ্বকাপের দামামা বেজে উঠেছে আগেই। শিরোপা নেশায় প্রস্তুত হচ্ছে দলগুলো। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, এরপরই অভিন্ন এক লক্ষ্যে লড়াইয়ে নামবে ৪৮টি দেশ। মাঠে নামবেন কয়েক শ’ ফুটবলার।

‘দা গ্রেটেস্ট শো অন আর্থ’ মাঠে গড়ানোর আগ মুহূর্তে দেখে নেয়া যাক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আর পরিসংখ্যান। যার কিছু কিছু হয়তো আপনি জানেন, কিছু হয়তো আপনি জানেন না।

বিশ্বকাপে থাকছে ইংল্যান্ডের ২০০ ফুটবলার!

আপনি হয়তো জানেন যে এবারের বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ২০০ ফুটবলার ক্লাব ফুটবলে খেলে থাকে ইংল্যান্ডে। দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ জন খেলে জার্মানির ক্লাবগুলোয়। আর সমান ৮৬ জন করে খেলে ফ্রান্স ও স্পেনে।

বুড়ো হাড়ের ভেল্কি দেখাবেন রোনালদো

এবারের আসর শুরুর দিনে ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স হবে ৪১ বছর ১২৬ দিন। চতুর্থ সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলতে যাচ্ছেন তিনি।

পর্তুগিজ এই তারকার ওপরে আছেন কেবল ক্যামেরুনের রজার মিলা (৪২), কলম্বিয়ার ফারিদ মনদ্রাগন (৪৩) ও মিসরের এসাম এল হাদারি (৪৫)।

যেখানে রোনালদোই সবার ওপরে

এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হতে যাচ্ছেন রোনালদো। ৪১ বছর ১২৬ দিন বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপটা খেলতে যাচ্ছেন সিআর সেভেন।

তালিকায় তার পরের পাঁচটি স্থানে আছেন মেক্সিকোর গোলরক্ষক গিলেরমো ওচোয়া (৪০), ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ (৪০), বসনিয়া-হার্জেগোভিনার এদিন জেকো (৪০), জার্মানির মানুয়েল নয়ার (৪০), কেপ ভার্দের ফজিনিয়া (৪০)।

কাতার ও সৌদি আরব যেখানে আলাদা

এবার বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮ দেশের মাঝে দু’টি দেশের সর্বোচ্চ ২৫ জন করে খেলোয়াড় নিজের দেশের ক্লাবে খেলেন, কাতার ও সৌদি আরব। তাদের মাত্র একজন খেলোয়াড় দেশের বাইরে খেলেন।

অন্যদিকে কেপ ভার্দ, ডিআর কঙ্গো, কোত দি ভোয়া, কুরাসাও, সেনেগাল ও উরুগুয়ের দলে একজন খেলোয়াড়ও নেই, যারা নিজের দেশের কোনো ক্লাবে খেলেন।

দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ২২ জন

এবারের ইভেন্টে বিশ্বকাপ জয়ী ফুটবলার আছেন মোট ২২ জন। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা থেকেই আছেন ১৭ জন। আর ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স থেকে আছেন ৪ জন। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ম্যানুয়েল নয়ার এবারো আছেন দলে।

বিশ্বকাপে ম্যানসিটির ১৯ ফুটবলার

ক্লাবের ক্ষেত্রে সবচেয়ে বেশি খেলোয়াড় এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি থেকে, ১৯ জন। এই তালিকায় পরের স্থানে আছে বায়ার্ন মিউনিখ (১৮)।

আর্সেনাল ও পিএসজি থেকে আছেন ১৬ জন। বার্সেলোনা থেকে ১৫ জন ও আল হিলাল, আতলেতিকো মাদ্রিদ, ক্রিস্টাল প্যালেস ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আছেন ১২ জন করে।

বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী ফুটবলার

এবারের বিশ্বকাপে সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হতে যাচ্ছেন ১৭ বছর বয়সী সেনসেশন গিলবের্তো মোরা। তার জাতীয় দল সতীর্থ গিয়ের্মো ওচোয়া যখন প্রথম বিশ্বকাপ (২০০৬) দলে ডাক পান, তখন মোরার জন্মই হয়নি!

মাঠে নামলেই সর্বকনিষ্ট কনকাকাফ ফুটবলার হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ড গড়বেন মোরা। এই প্লেমেকার ভেঙে দেবেন তার পূর্বসূরি মানুয়েল রোসাসকে; ১৯৩০ বিশ্বকাপে ১৮ বছর বয়সে খেলেছিলেন তিনি।

যেখানে মেসি ‘দ্বিতীয়’

এবারের আসরে খেলোয়াড়দের মাঝে সবচেয়ে বেশি বিশ্বকাপ গোল লিওনেল মেসির, ১৩টি। তালিকায় তার পরে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে (১২)। এছাড়া ইংল্যান্ডের হ্যারি কেইন, ব্রাজিলের নেইমার ও পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদোর আছে ৮টি করে গোল।

ফুটবলের সর্বোচ্চ এই মঞ্চে সর্বাধিক গোলের রেকর্ড জার্মানির মিরোস্লাভ ক্লোসার, ১৬টি।

যেখানে সমানে সমান মেসি-রোনালদো

লিওনেল মেসি, গিয়ের্মো ওচোয়া ও ক্রিস্টিয়ানো রোনালদো রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে যাচ্ছেন। যা আর কেউ পারেনি।

তাদের সাথে এখন সমান পাঁচটি করে বিশ্বকাপে পা রাখার রেকর্ড আছে আন্তোনিও কার্বাহাল, লোথার মাথেউস, জানলুইজি বুফ্ফন, রাফা মার্কেস ও আন্দ্রেস গুয়ার্দাদোর।

অন্যদিকে লুকা মদ্রিচ, ইউতু নাগাতোমো ও মানুয়েল নয়ার উত্তর আমেরিকায় পঞ্চমবারের মতো বিশ্বকাপে নামবেন।

সবচেয়ে লম্বা ফুটবলার

সবচেয়ে লম্বা খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন অস্ট্রিয়ার গোলরক্ষক ফ্লোহিয়ান ভাইগেল, তিনি ২.০৫ মিটার লম্বা। কাতার বিশ্বকাপে ২.০৩ মিটার লম্বা খেলোয়াড় হিসেবে ছিলেন নেদারল্যান্ডসের গোলরক্ষক আন্ড্রিস নোপার্ট।

এবারের বিশ্বকাপে লম্বা খেলোয়াড়দের তালিকায় আরো আছেন ২.০১ মিটার লম্বা ইংল্যান্ডের ডিফেন্ডার ড্যান বার্ন, কলম্বিয়ার গোলরক্ষক আলভারো মন্তেরো ও বসনিয়া- হার্জেগোভিনার সেন্টার-ব্যাক স্তেপান রাদেলিয়াচ।

সবচেয়ে কম উচ্চতার ফুটবলার

এবার সবচেয়ে কম উচ্চতার খেলোয়াড় হলেন পানামার গোলরক্ষক সেসার ইয়ানিস, ১.৬০ মিটার লম্বা। তারপরেই আছেন ১.৬৪ মিটার লম্বা কুরাসাওয়ের আক্রমভাগের খেলোয়াড় ইয়েরেমি আন্তোনিস।