যুদ্ধের প্রতিবাদে ফুটবলে অটোগ্রাফ

আমি তার কাছে যেতেই প্রথম জানতে চাইলেন আমার দেশের পরিচয়। এরপর জানালেন তাকে নিয়ে কোনো নিউজ করলে যেন তাকে সেই নিউজের কপি হোয়াটসঅ্যাপে পাঠাই। এরপর নেপথ্য উল্লেখ করেন ‘এই বলগুলো আমি যুদ্ধবিরোধী প্রচারণায় ব্যবহার করতে চাই। নিউজের কপিও সাথে থাকবে।’

রফিকুল হায়দার ফরহাদ, যুক্তরাষ্ট্র থেকে
অটোগ্রাফ সম্বলিত ফুটবল হাতে জুলিয়ান গিল
অটোগ্রাফ সম্বলিত ফুটবল হাতে জুলিয়ান গিল |ছবি : নয়া দিগন্ত

নিউইয়র্ক নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের ছোট আকৃতির মিডিয়া সেন্টার। অন্তত অন্য বিশ্বকাপের মিডিয়া সেন্টারের চেয়েও ছোট তা। ব্রাজিল-মরক্কো ম্যাচে এই মিডিয়া সেন্টারেই এক লোককে ঘিয়ে রঙের ব্লেজার পরে থাকতে দেখা গেল। ব্লেজারটির পিঠের অংশে ফুটবল মাঠের নকশা।

তার হাত একটি ফুটবল। কেউ তার সাথে কথা বলতে গেলে তিনি ফুটবলটি দেখান। এই ফুটবলটি দেখানোর বিষেশত্ব হলো- এখানে বিশ্বের বেশ কয়েকজন তারকা ফুটবলারদের অটোগ্রাফ আছে।

সুঠাম দেহের এই ব্যক্তিটির নাম জুলিয়ান গিল। তিনি মেক্সিকোর একজন অভিনেতা। ফুটবলে তারকা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠিত ব্যক্তিদের অটোগ্রাফ নেন তিনি। এরপর তা ব্যবহার করবেন যুদ্ধবিরোধী প্রচারণায়।

১৯৯৪ সালের বিশ্বকাপ দিয়ে শুরু জুলিয়ানের ফুটবলের ওপর অটোগ্রাফ নেয়া। এই পর্যন্ত ২০টি ফুটবলে অটোগ্রাফ নিয়েছেন। আর তা সংরক্ষিত আছে তার বাড়িতে।

তার কাছে এবারের বিশ্বকাপ ফুটবলের রেপ্লিকা আছে। সেই ফুটবলে আছে ব্রাজিলের সিনিয়র রোনালদো, নেইমার, কাফু, রাফিনহা, পাতো, মেক্সিকোর হুগো সানচেজ, যুগোশ্লাভিয়ার রিস্টো স্টয়কভ, ফিফা সভাপতি জিওভান্নি ইনফান্তিনোসহ আরো কয়েকজনের অটোগ্রাফ।

আমি তার কাছে যেতেই প্রথম জানতে চাইলেন আমার দেশের পরিচয়। এরপর জানালেন তাকে নিয়ে কোনো নিউজ করলে যেন তাকে সেই নিউজের কপি হোয়াটসঅ্যাপে পাঠাই। এরপর নেপথ্য উল্লেখ করেন ‘এই বলগুলো আমি যুদ্ধবিরোধী প্রচারণায় ব্যবহার করতে চাই। নিউজের কপিও সাথে থাকবে।’