ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল না ফলাফল, বরং জুড বেলিংহামের একটি আচরণ।
প্রথমার্ধের খেলা শেষে মাঠ ছাড়ার সময় ঘানার ডাগআউটের সদস্যদের সাথে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইংল্যান্ডের এই তারকা ফুটবলার। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে সতীর্থ মর্গান রজার্সকে এগিয়ে এসে তাকে সরিয়ে নিতে হয়।
এরপর ম্যাচ চলাকালে ঘানার ফরোয়ার্ড জর্ডান আইউর সাথে কথা বলার সময় বেলিংহামকে মুখ ঢেকে রাখতে দেখা যায়। আর সেখান থেকেই শুরু হয় নতুন বিতর্ক। কারণ চলতি বিশ্বকাপে মুখ ঢেকে কথা বলার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ফিফা।
নতুন নিয়ম অনুযায়ী, উত্তপ্ত বা সঙ্ঘাতপূর্ণ পরিস্থিতিতে কোনো খেলোয়াড় মুখ ঢেকে কথা বললে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখাতে পারেন। ইতোমধ্যে এই নিয়মে শাস্তিও পেয়েছেন কয়েকজন ফুটবলার। তাই বেলিংহামের আচরণ নিয়েও প্রশ্ন উঠেছিল।
তবে শেষ পর্যন্ত কোনো শাস্তি পেতে হয়নি ইংলিশ মিডফিল্ডারকে। কারণ জর্ডান আইউর সাথে তার কথোপকথনটি উত্তপ্ত ছিল না। ফিফার ব্যাখ্যা অনুযায়ী, বন্ধুত্বপূর্ণ আলাপচারিতার ক্ষেত্রে মুখ ঢেকে কথা বলা শাস্তিযোগ্য অপরাধ নয়।
এদিকে ম্যাচে আধিপত্য বিস্তার করেও গোল আদায় করতে পারেনি ইংল্যান্ড। ফলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের শীর্ষে রয়েছে ইংলিশরা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে ঘানা।
গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় পানামার মুখোমুখি হবে ইংল্যান্ড। নকআউট পর্ব নিশ্চিত করার লক্ষ্য নিয়েই সেই ম্যাচে নামবে তারা।



