বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামতে মুখিয়ে আছে ইংল্যান্ড। দিন যতই এগিয়ে আসছে এই উত্তেজনা বেড়েই চলেছে। অন্যতম ফেবারিট দল হিসেবে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ইংল্যান্ড দলের জার্সি নম্বর আজ প্রকাশ করেছে।
দুই বছর আগে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে খেলা দলটিতে হ্যারি কেন ও জুড বেলিংহ্যাম যে নম্বরের জার্সি পরে খেলেছিলেন সেই ৯ ও ১০ নম্বর জার্সি ধরে রেখেছেন। এ ছাড়া গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ১, ডিক্লান রাইস ৪ ও বুকায়ো সাকাও ৭ নম্বর জার্সি পরেই বিশ্বকাপে খেলতে নামবেন।
বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো ৯ জন অভিষিক্ত হবার দ্বারপ্রান্তে রয়েছেন। এদের মধ্যে দুজন ১-১১ নম্বরের মধ্যে জার্সি পেয়েছেন- ৩ নম্বর পরবেন নিকো ও’রিলি এবং ৮ নম্বর পরবেন এলিয়ট এ্যান্ডারসন।
আগামী ১৭ জুন টেক্সাসের আর্লিংটনে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে থমাস টাচেলের দল অল-হোয়াইট হোম জার্সি পরে মাঠে নামবে।
ছয় দিন পর ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে জিলেট স্টেডিয়ামে ঘানার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তারা একই জার্সি পরবে।
২৭ জুন নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে পানামার বিপক্ষে ইংল্যান্ড লাল জার্সি ও নীল শর্টস পরে খেলতে নামবে।



