বাংলাদেশের মাটিতে ব্রাজিলের জাতীয় দলের ম্যাচ— এতদিন যা ছিল স্বপ্নের মতো, এবার সেই সম্ভাবনাই নতুন করে আলোচনায় এসেছে। সবকিছু ঠিক থাকলে লিওনেল মেসির আর্জেন্টিনার পর এবার ভিনিসিয়াস জুনিয়রদের দেখা যাবে ঢাকার মাটিতে।
ইতোমধ্যে আজ পাঁচ সদস্যের ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রতিনিধি দল ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে গেছে। স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখে সন্তুষ্টির কথাও জানিয়েছে তারা।
রোববার দুপুরে কলকাতা থেকে ঢাকায় আসে ব্রাজিলের প্রতিনিধি দল। দলটির নেতৃত্বে ছিলেন ব্রাজিল জাতীয় দলের পুরুষ দলের সাধারণ সুপারভাইজার সার্জিও দিমাস দে অলিভেইরা। প্রায় ৪৫ মিনিট জাতীয় স্টেডিয়ামে অবস্থান করে তারা মাঠের বিভিন্ন দিক খুঁটিয়ে দেখেন।
মাঠের ঘাস, ড্রেনেজ ব্যবস্থা, পানি দেয়ার পদ্ধতি, ড্রেসিংরুম, গ্যালারি ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শন করেন তারা। মাঠ প্রস্তুতিতে যুক্ত কর্মীদের সাথেও কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা।
বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন জানিয়েছেন, শুধু স্টেডিয়ামের অবস্থা দেখতেই নয়, ভবিষ্যতে এই ভেন্যু ব্যবহার করা যাবে কি না, সেটিও যাচাই করেছে ব্রাজিলের প্রতিনিধি দল।
ইকবাল হোসেন বলেন, ‘ঢাকা স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কিনা, কিংবা এখানে বাংলাদেশের বিপক্ষেও খেলা যায় কিনা তা খতিয়ে দেখেছে তারা।’
নানা সূত্র বলছে- প্রতিনিধি দলের এই সফর মূলত ভারতের বিপক্ষে ব্রাজিলের আসন্ন প্রীতি ম্যাচ ঘিরে। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল। আর ম্যাচটির প্রস্তুতি দেখতে কলকাতায় যাওয়ার পর সেখান থেকে ঢাকায় আসে প্রতিনিধি দলটি।
ধারণা করা হচ্ছে, সেই ম্যাচের আগে ব্রাজিল ঢাকায় অনুশীলন করতে পারে। তবে এমন সম্ভাবনার জবাবে ইকবাল জানান, এ ধরনের কোনো আলোচনা হয়নি। তারা আমাদের বলেছেন যে মাঠটা তারা দেখে গেছেন। স্টেডিয়ামের পরিবেশ দেখে গেছেন।
ইকবাল আরো বলেন, ‘তারা পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখেছেন। মাঠের ড্রেনেজ সিস্টেম কী আছে, পানি কিভাবে দিচ্ছে, প্লাস হলো ঘাসগুলো দেখেছেন। এখানে মাঠে যারা কাজ করছেন, তাদের ডেকে নিয়েও কথা বলেছেন যে পরবর্তী কাজটা কী।’
জানা গেছে ব্রাজিলের প্রতিনিধিদের সাথে বাফুফে সভাপতির বৈঠক আছে। আর তার পরই বিষয়টি আরো পরিষ্কার হবে বলে জানান গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান।
ইকবাল বলেন, ‘এই উইন্ডোতে আসার আগেও হয়তো তাদের চিন্তাভাবনা আছে। তারা স্পষ্ট করে নাই আজকে। যেহেতু তাদের সাথে হয়তো প্রেসিডেন্ট সাহেব বসবেন, আমাদের মাননীয় প্রেসিডেন্ট বসবেন, বসার পর আপনাদের আরো স্পষ্ট করে বলতে পারব।’
তবে বাংলাদেশের জন্য সবচেয়ে আশাব্যঞ্জক বিষয়, জাতীয় স্টেডিয়াম দেখে ব্রাজিলের প্রতিনিধিরা সন্তুষ্ট হয়েছেন। মাঠের প্রস্তুতির কাজ এখনো চলছে ও আরো প্রায় দুই সপ্তাহ কাজ চলতে পারে বলে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে।



