নিজেদের প্রথম বিশ্বকাপ অংশগ্রহণেই দ্বিতীয় রাউন্ডে উঠে ইতিহাস গড়েছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দারুণ লড়াই করে নকআউট পর্বে জায়গা করে নেয়া দলটি এখনো যেন সেই রূপকথার সাফল্যের আবেশে ভাসছে। তাদের এই অবিশ্বাস্য অর্জন ফুটবল বিশ্বকেও বিস্মিত করেছে।
তবে ইতিহাস গড়ার সেই আনন্দের মাঝেই কেপ ভার্দের সামনে অপেক্ষা করছে আরো বড় এক পরীক্ষা। মায়ামিতে আগামী ম্যাচে বাংলাদেশ সময় ভোর ৪টায় তারা মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে ম্যাচের উত্তেজনার পাশাপাশি আলোচনায় রয়েছে কেপ ভার্দে শিবিরের ‘মেসি-উন্মাদনা’।
দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস জানিয়েছেন, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে সম্মান জানাতে তিনি কেপ ভার্দে জাতীয় দলের বিশেষ ১০ নম্বর জার্সি উপহার দিতে চান।
আর্জেন্টিনার রেডিও স্টেশন রেডিও সুপার দেপোর্তিভোকে দেয়া সাক্ষাৎকারে নেভেস বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মেসিকে সম্মান জানাতে আমাদের জাতীয় দলের পক্ষ থেকে তার জন্য ১০ নম্বর জার্সি নিশ্চিত করতে আমি সবকিছু করব।’
তিনি আরো বলেন, ‘মেসি একজন মহান আদর্শ। কেপ ভার্দেতে তিনি অত্যন্ত সম্মানিত একজন ফুটবলার। আমাদের দেশের অনেক মানুষের কাছে তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। মেসি ফুটবলের শ্রেষ্ঠত্ব, নিখুঁত রূপ এবং বিশ্ব ফুটবলের সর্বোৎকৃষ্ট প্রতিচ্ছবি।’
উল্লেখ্য, এবারে বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দে। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয়ার পর উরুগুয়ের বিপক্ষে ২-২ ও সৌদি আরবের বিপক্ষে ০-০ গোলে ড্র করে তারা। ধারাবাহিক এই পারফরম্যান্সে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর একটি হিসেবে জায়গা করে নেয় দ্বিতীয় রাউন্ডে।
অন্যদিকে, আর্জেন্টিনা তিন ম্যাচেই জয় তুলে নিয়ে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০, অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ এবং জর্ডানের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পাওয়া ম্যাচগুলোতে দাপট দেখিয়েছে লিওনেল স্কালোনির দল।
জর্ডানের বিপক্ষে ম্যাচে মেসিসহ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হলেও দ্বিতীয়ার্ধে নেমে একটি গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন মেসি। ছয় গোল নিয়ে তিনি বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।
একইসাথে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৯-এ উন্নীত করে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনেও এককভাবে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি এই ১০ নম্বর তারকা।
এখন দেখার বিষয়, মেসিকে ঘিরে শ্রদ্ধা ও ভালোবাসায় ভরা কেপ ভার্দে কি মাঠেও চমক দেখাতে পারে, নাকি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাই নিশ্চিত করবে শেষ ষোলোর টিকিট।



