নিউ ইয়র্কের লং আইল্যান্ড থেকে প্রায় আড়াই ঘণ্টার প্রাইভেটকার ভ্রমণ শেষে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পৌঁছা। এই স্টেডিয়ামে ব্রাজিল-মরক্কো ম্যাচ এবং বিশ্বকাপের ফাইনালসহ বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী বিকেল ৬টায় (বাংলাদেশ সময় ভোর ৪টা) এখানে ব্রাজিলের ম্যাচ। প্রতিপক্ষ মরক্কো। এ ছাড়া ফ্রান্স- সেনেগাল, নরওয়ে সেনেগাল, ইকুয়েডর- জার্মানি, পানামা-ইংল্যান্ড, দ্বিতীয় রাউন্ডের একটি কোয়ার্টার ফাইনালের একটি এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
তবে প্রচণ্ড গরম ভোগাবে খেলা দেখতে আসা দর্শকদের। বিশাল এলাকা জুড়ে স্টেডিয়াম চত্বর। নিউ ইর্য়ক থেকে সবুজ গাছগাছালি ঘেরা রাস্তা পেরিয়ে আমাদের আসা। রাস্তার বিস্তীর্ণ এলাকা জড়ে থাকা এই গাছগাছালি ও লেক- সবই মুগ্ধ করবে ফুটবলপ্রেমীদের। তবে স্টেডিয়াম চত্বরে কোনো গাছ নেই। যেমনটা ছিল রাশিয়ার বিশ্বকাপ ফুটবলের ফাইনালের ভেন্যু লুজনিকি স্টেডিয়ামে।
ফলে আজ যখন বিকেল সাড়ে ৪টায় সেখানে পৌঁছালাম তখন প্রচণ্ড গরমে টেকাই যাচ্ছিল না। এই অবস্থায় লম্বা পথ পাড়ি দিতে হবে দর্শকদের। গতকালও দেখা গেল স্টেডিয়ামের বাইরে কয়েক জায়গায় মেরামতের কাজ করতে।
৮২,৫০০ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়াম। আগের জায়ান্ট স্টেডিয়ামই এখন মেটলাইফ স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের নিউ ইর্য়ক জায়ান্টস এবং নিউ ইয়র্ক জেটসের হোম ভেন্যু। সর্বোচ্চ ৯৩,০০০ হাজার দর্শক এই স্টেডিয়ামে বসে আগে খেলা দেখেছিল। ২০২১ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েস্ট হ্যামের খেলা হয়েছিল। তখন ৮২,৫৬৬ জন দর্শক উপস্থিত হয়েছিলেন।



