লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আজ ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচেও তার সামনে দারুণ কিছু কীর্তির হাতছানি। আজকের রাতটি তার জন্য একটু অন্যরকম।
বিশ্বকাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হবে আজ বুধবার আর্জেন্টিনা। রাত ১টায় আটলান্টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে তারা। ইতোমধ্যে ফাইনালে উঠে গেছে স্পেন।
আর এই ম্যাচেই দুই দশকের ক্যারিয়ারে নয়া অধ্যায় যোগ হচ্ছে মেসির। দেশের জার্সিতে দুই শ’র বেশি ম্যাচ খেলা আর্জেন্টাইন অধিনায়ক প্রথমবারের মতো থ্রি লায়ন্সদের বিপক্ষে মাঠে নামবেন।
শুধু নতুন প্রতিপক্ষই নয়, মেসির সামনে রয়েছে আরো কয়েকটি বড় মাইলফলক। বর্তমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা এই মহাতারকা ইতোমধ্যেই গোল ও রেকর্ডে নিজের নাম উজ্জ্বল করেছেন।
ইতোমধ্যেই ৮ গোল করেছেন তিনি, সেই সাথে করেছেন একটি অ্যাসিস্টও। আজ গোল বা অ্যাসিস্ট করলে নিজের বিশ্বকাপ পরিসংখ্যান আরো সমৃদ্ধ হবে। এগিয়ে যাবেন গোল্ডেন বুটের দিকে।
অন্যদিকে, আজ আর্জেন্টিনা জিতলে মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠবে আলবিসেলেস্তেরা। ২০২২ সালের পর ফের শিরোপার শেষ লড়াইয়ে পৌঁছে যাবে তারা।
তাতে ফিরবে তিন যুগ আগের কীর্তি। এর আগে ১৯৮৬ ও ১৯৯০ সালে টানা দুই ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। সেই সাথে ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবে দুই ভিন্ন সময়ে টানা ফাইনাল খেলার কীর্তি গড়বে তারা।
সেই সাথে বিশ্বকাপে ইউরোপীয় দলের বিপক্ষে জয়ের সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে আজ মেসির আর্জেন্টিনার সামনে। ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপে তাদের জয়ের পাল্লা এমনিতেই ভারি।
এখন পর্যন্ত বিশ্বকাপে ইউরোপীয় দলের বিপক্ষে মেসি খেলেছেন এমন ১৫ ম্যাচে ১১ বার জিতেছে আলবিসেলেস্তারা। ইংল্যান্ডকে হারাতে পারলে সেই সংখ্যাও আরো বাড়বে।
সব মিলিয়ে, আজকের সেমিফাইনাল শুধু আর্জেন্টিনা-ইংল্যান্ডের ঐতিহাসিক দ্বৈরথ নয়; এটি লিওনেল মেসির ক্যারিয়ারেরও আরেকটি সম্ভাব্য স্মরণীয় রাত।



