চলমান বিশ্বকাপে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সেরা ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসে নতুন একটি অনন্য কীর্তি গড়েছেন।
এই গোলের মাধ্যমে মেসি বিশ্বকাপে ১৪টি ভিন্ন দেশের বিপক্ষে গোল করার রেকর্ড গড়েন, যা আর কোনো ফুটবলারের নেই।
মেসির বিশ্বকাপে প্রথম গোল আসে ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তিনি গোলের দেখা না পেলেও ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভিনা, ইরান এবং নাইজেরিয়ার বিপক্ষে গোল করেন।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে নাইজেরিয়ার জালে একবার বল পাঠান। ২০২২ সালের কাতার বিশ্বকাপে সৌদি আরব, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করেন। আর চলতি ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান ও কেপ ভার্দের বিপক্ষেও গোল করে রেকর্ডটি নিজের করে নেন।
এছাড়া মেসি বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল করা প্রথম ফুটবলার। এই ধারাবাহিকতা শুরু হয় ২০২২ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ থেকে, যা চলতি আসরে কেপ ভার্দের বিপক্ষেও অব্যাহত রয়েছে।
আরেকটি অনন্য কীর্তিও গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ২০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। পাশাপাশি সর্বোচ্চ ৯টি অ্যাসিস্টের রেকর্ডও তার দখলে।



