আসন্ন বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল ফ্রান্স। হট ফেভারিট হিসেবেই আসর শুরু করবে তারা। তবে বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে বড় ধাক্কা খেল দলটা, আইভরি কোস্টের কাছে হেরে গেছে তারা।
বৃহস্পতিবার রাতে গত আসরের রানার্সআপকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে আইভরি কোস্ট। জয়ের নায়ক ছিলেন গুয়েলা দুয়ে। গোল করার পাশাপাশি গোলে সহায়তাও করেন তিনি।
মজার বিষয় হলো, তিনি ফ্রান্স ও পিএসজি তারকা ডেজিরে দুয়ের বড় ভাই। তবে এই ম্যাচে ডেজিরে দুয়ের মাঠে নামা হয়নি। ড্রেসিংরুমে বসেই দেখেছেন ছোট ভাইয়ের কারসাজি।
ম্যাচের শুরুটা দারুণ করে ফ্রান্স। রায়ান শেরকির গোলে এগিয়েও যায় ফ্রান্স। ৪৫ মিনিটে তার করা গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফরাসীরা। তবে দ্বিতীয়ার্ধেই ঘুরে যায় ম্যাচের মোড়।
৫৩তম মিনিটে নিকোলাস পেপের পাস থেকে গোল করে সমতা ফেরান গুয়েলা দুয়ে। আর ৮৪ মিনিটে তার বাড়ানো ক্রসে গোল করেন আমাদ দিয়ালো। আইভরি কোস্ট এগিয়ে যায় ২-১ গোলে।
শেষ পর্যন্ত ব্যবধান ধরে আইভরি কোস্ট তাদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো জয় পায় ফ্রান্সের বিপক্ষে। টানা নয় ম্যাচ অপরাজিত থাকার পর এই হারে সেই ধারা ভেঙে গেল ফ্রান্সের।
বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামী সোমবার তারা নর্দান আয়ারল্যান্ডের মুখোমুখি হবে।
এদিকে বড় ধাক্কা খেয়েছে ইউরো চ্যাম্পিয়ন স্পেনও। যদিও হারেনি, ঘরের মাঠে ইরাকের সাথে ১-১ গোলে ড্র করেছে তারা।



