আবারো বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, আর্সেনালের চমক

ব্র্যান্ড ফাইন্যান্সের ২০২৬ সালের তালিকায় আবারো বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব ব্র্যান্ড রিয়াল মাদ্রিদ, সেরা তিনে উঠে এসেছে আর্সেনাল।

নয়া দিগন্ত অনলাইন
রিয়াল মাদ্রিদের খেলোয়ারা
রিয়াল মাদ্রিদের খেলোয়ারা |সংগৃহীত

মাঠে সময় খুব একটা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। তবে মাঠের বাহিরে নিজেদের আধিপত্য ধরে রেখেছে লস ব্লাঙ্কোজরা। আবারো বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

আন্তর্জাতিক ব্র্যান্ড মূল্যায়ন সংস্থা ‘ব্র্যান্ড ফাইন্যান্স’-এর ২০২৬ সালের হালনাগাদ প্রতিবেদনে টানা তৃতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব ব্র্যান্ডের মুকুট ধরে রেখেছে রিয়াল। তাদের ব্র্যান্ড মূল্য ২৪০ কোটি ইউরো বা ২৭৬ কোটি ৬০ লাখ ডলার।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বিশ্ব ফুটবলের শীর্ষ ৫০টি ক্লাবের মোট ব্র্যান্ড মূল্য রেকর্ড ২ হাজার ৩৯০ কোটি ইউরো ও এন্টারপ্রাইজ ভ্যালু ৭ হাজার ৯৭০ কোটি ইউরোতে পৌঁছেছে। ক্রীড়া ব্র্যান্ডের ইতিহাসে এক বছরে প্রবৃদ্ধির এটিই সর্বোচ্চ রেকর্ড।

ব্র্যান্ড মূল্য বলতে বোঝায়, শুধু ক্লাবের নাম ব্যবহার করে ভবিষ্যতে কত আয় করা সম্ভব তার একটি অনুমান। আর এন্টারপ্রাইজ ভ্যালু হলো পুরো ক্লাবের আর্থিক মূল্য- অর্থাৎ কেউ ক্লাবটি কিনতে চাইলে মোটামুটি কত দামে কিনতে হবে।

রিয়ালের পর যেখানে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির ব্র্যান্ড মূল্য ২২৭ কোটি ৬০ লাখ ডলার। তবে এবারের তালিকায় সবচেয়ে বড় চমক আর্সেনাল। তাদের ব্র্যান্ড মূল্য ১৭৭ কোটি ২০ লাখ ডলার।

২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার সুবাদে পাঁচ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা তিনে জায়গা করে নিয়েছে গানাররা।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ, তাদের ব্র্যান্ড মূল্য ১৭৪ কোটি ৮০ লাখ ডলার। আর পঞ্চম স্থানে থাকা চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন পিএসজির ব্রান্ড মূল্য এঝিব- ১৭৩ কোটি ৪০ লাখ ডলার।

ব্র্যান্ড মূল্য বাড়লেও র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। সিটি ১৭০ কোটি ৯০ লাখ ডলার নিয়ে ষষ্ঠ, লিভারপুল ১৬৯ কোটি ৫০ লাখ ডলার নিয়ে সপ্তম ও ম্যানইউ ১৬৫ কোটি ৯০ লাখ ডলার নিয়ে অষ্টম স্থানে রয়েছে।

চেলসি ১১০ কোটি ১০ লাখ ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে নবম স্থান ধরে রেখেছে। আর দীর্ঘ এক দশক পর বিশ্বের সবচেয়ে মূল্যবান ১০ ক্লাবের তালিকায় ফিরেছে বরুসিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটির ব্র্যান্ড মূল্য ৭৬ কোটি ৬০ লাখ ডলার।