বিশ্বকাপের ফাইনালে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনফান্তিনো জানান, নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ট্রাম্প।

নয়া দিগন্ত অনলাইন
ট্রাম্পের হাতে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনে ফিফা সভাপতি
ট্রাম্পের হাতে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনে ফিফা সভাপতি |সংগৃহীত

আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বিশ্বকাপকে কেন্দ্র করে ইনফান্তিনো ও ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। যদিও গত ১১ জুন প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে ট্রাম্পকে এ নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে দেখা যায়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনফান্তিনো জানান, নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ট্রাম্প।

ইনফান্তিনো বলেন, ‘আমরা এক সাথে ফাইনাল ম্যাচ উপভোগ করব এবং অবশ্যই বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবো।’

ট্রাম্প ও তিনি যৌথভাবে ট্রফি প্রদান করবেন কি না—এমন প্রশ্নের জবাবে ফিফা সভাপতি বলেন, ‘অবশ্যই। আমরা সব সময় এক সাথেই থাকি।’

ফলে বিশ্বকাপের সবচেয়ে গৌরবময় মুহূর্তে একই মঞ্চে দেখা যাবে ট্রাম্প ও ইনফান্তিনোকে। তাদের হাত ধরেই চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে উঠবে কাঙ্ক্ষিত সোনালি ট্রফি।

এর আগে, গত বছর যুক্তরাষ্ট্রে আয়োজিত ক্লাব বিশ্বকাপের ফাইনালেও তিনি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন। সেবার শিরোপা জিতেছিল ইংল্যান্ডের ক্লাব চেলসি।