আর্চারি প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম শুরু বৃহস্পতিবার

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম আয়োজনে আর্থিক সহায়তা করছে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া। আর পৃষ্ঠপোষকতায় রয়েছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)।

নয়া দিগন্ত অনলাইন

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আর্চারির মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন সোনালী অধ্যায়। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় ২৬টি দেশের অংশগ্রহণে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম। এটি আর্চারি ফেডারেশনের নতুন দায়িত্বপ্রাপ্ত এ্যাডহক কমিটির ব্যবস্থাপনায় প্রথম কোনো আয়োজন।

টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। এ সম্পর্কে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘এই আয়োজনটি মূলত দুটি ভাগে বিভক্ত, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ। আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া এবং ইউরোপসহ মোট ২৬টি দেশের প্রতিনিধি ও ১৭টি দেশের আরচ্যার ও অফিসিয়ালরা এতে অংশ নিচ্ছেন।’

তিনি আরো বলেন, ওয়ার্ল্ড আর্চারি এশিয়া, ওয়ার্ল্ড আর্চারি, অলিম্পিক সলিডারিটি এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের যৌথ উদ্যোগে এই প্রোগ্রাম হচ্ছে। ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আমি ‘ওয়ান ভিশন, ওয়ান এশিয়া এবং ইউনিক এশিয়া’ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কেউ শীর্ষে থাকবে আর কেউ নিচে, এমন অবস্থা দূর করে সবাইকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্তরে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। এ বছর প্রথমবারের মতো ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টের নামে এই চ্যালেঞ্জ কাপ প্রবর্তন করা হলো।

ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান বলেন, ‘টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে আয়োজিত এই প্রোগ্রামে বিভিন্ন দেশের আর্চার ও কোচদের যৌথ প্রশিক্ষণ দেয়া হবে। পরবর্তীকালে আন্তর্জাতিক আর্চারি নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৬টি দেশ থেকে পুরুষ ও নারী বিভাগে আর্চারি, কোচ, কর্মকর্তা, অতিথি এবং টেকনিক্যাল অফিসিয়ালসহ মোট ১১৪ জন এই মহাযজ্ঞে অংশ নিচ্ছেন। আমরা বিশ্বাস করি, এই আয়োজন বাংলাদেশের আর্চারি এবং যুব আর্চারিকে আন্তর্জাতিক অঙ্গনে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবে।’

এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে- আফগানিস্তান, ভুটান, রিপাবলিক অব চায়না, ভারত, ইরাক, জর্ডান, সৌদি আরব, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ইয়েমেন ও স্বাগতিক বাংলাদেশসহ মোট ১৭টি দেশ। এ ছাড়া অস্ট্রেলিয়া, কোমোরোস, মিসর, ইরান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইপে, তিউনিসিয়া ও উগান্ডা থেকে টেকনিক্যাল অফিসিয়াল ও অতিথি মিলে মোট ২৬টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন।

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম আয়োজনে আর্থিক সহায়তা করছে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া। আর পৃষ্ঠপোষকতায় রয়েছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)।