বাংলাদেশে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দফায় ঢাকায় এসে পৌঁছেছে তারা। তবে এখনো আসেননি অধিনায়ক।
বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ার বিশাল বহরে নেই অধিনায়ক মিচেল মার্শ ও ট্র্যাভিস হেড। পাকিস্তান সিরিজে না থাকা এই দুই ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে সরাসরি বাংলাদেশে আসবেন।
মূলত আইপিএল খেলার পর বিশ্রাম পেয়ে পাকিস্তান সফরে ছিলেন না হেড। অন্যদিকে সেই সিরিজের স্কোয়াডে থাকলেও পরে অ্যাঙ্কেলের চোটের কারণে ছিটকে যান অধিনায়ক মার্শ।
দীর্ঘ ১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশের মাটিতে সর্বশেষ ২০১১ সালে ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া।
সেইবার মাইকেল ক্লার্কের নেতৃত্বে অজিরা ৩-০ ব্যবধানে হারিয়েছিল স্বাগতিকদের। এর আগে ২০০৬ সালেও রিকি পন্টিংয়ের নেতৃত্বে একই ব্যবধানে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৯ জুন। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন।
ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২১ জুন।



