আমরা আউটপ্লেড হয়েছি, বাংলাদেশের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন স্মিথ

বাংলাদেশ প্রথম দিনের সকালে দুর্দান্ত বল করেছে। দারুণ শৃঙ্খলাবদ্ধ ছিল। আমাদের ব্যাটাররা শৃঙ্খলাবদ্ধ ছিল না।

নয়া দিগন্ত অনলাইন
স্টিভেন স্মিথ
স্টিভেন স্মিথ |ইন্টারনেট

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়কে শুধু পরাজয় হিসেবেই দেখছেন না স্বাগতিক ব্যাটার স্টিভেন স্মিথ। ম্যাচ শেষে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে সরাসরি বলেছেন, ‘আমরা আউটপ্লেড হয়েছি।’

ডারউইন টেস্টে হারের পর নিজেদের মূল্যায়ন করতে গিয়ে স্মিথ বলেন, ‘সিম্পল ব্যাপার, আমরা আউটপ্লেড হয়েছি। বাংলাদেশ প্রথম দিনের সকালে দুর্দান্ত বল করেছে। দারুণ শৃঙ্খলাবদ্ধ ছিল। আমাদের ব্যাটাররা শৃঙ্খলাবদ্ধ ছিল না।’

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া কিছুটা ঘুরে দাঁড়ালেও সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না বলে মনে করেন স্মিথ। তিনি বলেন, ‘দ্বিতীয় ইনিংসে কিছুটা ভালো করেছিলাম। তবে কয়েকজন ভালো শুরু পেলেও আটকে গেছে। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালোই ছিল।’

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা ক্যামেরন গ্রিনের প্রশংসাও করেন স্মিথ। তবে আর কেউ বড় ইনিংস খেলতে না পারায় হতাশ তিনি। তবে এই হারকে পুরো দলের সামর্থ্যের প্রতিচ্ছবি হিসেবে দেখতে নারাজ স্মিথ। দ্রুত ঘুরে দাঁড়ানোর আশাও প্রকাশ করেছেন।

অস্ট্রেলিয়ার এই ব্যাটার বলেন, ‘আশা করছি, কেবল একটি খারাপ সপ্তাহ গেছে আমাদের। আমরা দুনিয়ার এক নম্বর দল হয়েছি, এর পেছনে অবশ্যই কারণ আছে। টানা ভালো ক্রিকেট খেলে গেছি আমরা।’

তবে ডারউইনে বাংলাদেশের কাছে নিজেদের ব্যর্থতার কোনো অজুহাত দেননি স্মিথ। বরং প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়ে তিনি বলেন, ‘তবে এই ম্যাচে আমরা আউটপ্লেড হয়েছি। এখানে তাই বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। আমরা আরো ভালো করতে পারতাম। তবে বাংলাদেশকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে।’

ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। জবাবে ৪২৬ রান করে ২২৮ রানের লিড নেয় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের ১০৪ রানের লড়াই সত্ত্বেও ২৮৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান, যা ১৪.২ ওভারে এক উইকেট হারিয়ে তুলে নেয় সফরকারীরা। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট।