‘আমারও ভুল হয়েছে’, মিরাজকে বলেছিলেন স্টার্ক

মাঠের সেই উত্তেজনা শেষ পর্যন্ত আর গড়ায়নি। তৃতীয় দিন শেষে মিরাজ জানান, পরদিন সকালে স্টার্ক তার সাথে কথা বলেছেন ও ভুল স্বীকার করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
মাঠে উত্তপ্ত বাক্যবিনিময় চলাকালে
মাঠে উত্তপ্ত বাক্যবিনিময় চলাকালে |সংগৃহীত

মাঠে উত্তপ্ত বাক্যবিনিময়, মুহূর্তেই তৈরি হয়েছিল উত্তেজনা। তবে সেই উত্তাপ বেশিক্ষণ থাকেনি। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক পরদিন সকালে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সাথে কথা বলে বিষয়টি মিটিয়ে নিয়েছেন।

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে রান নেয়াকে কেন্দ্র করে মিরাজের সাথে তর্কে জড়িয়ে পড়েছিলেন স্টার্ক। মিরাজের ভাষ্য অনুযায়ী, পরদিন সকালে স্টার্ক নিজেই বিষয়টি নিয়ে কথা বলেন ও নিজের ভুলের কথাও স্বীকার করেন।

ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে। স্টার্কের করা ওভারের প্রথম বলেই চার হাঁকান মিরাজ। এরপর কয়েকটি বল ডট দেয়ার পর পঞ্চম বলে সিঙ্গেল নিতে গিয়ে স্টার্কের ফলো-থ্রুর সামনে চলে যান তিনি।

বিষয়টি আম্পায়ার কুমার ধর্মসেনার নজরেও আসে। রান নেয়ার সময়ই মিরাজকে সতর্ক করেন তিনি। নিজের ভুল বুঝতে পেরে মিরাজ বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন। তখনই মেজাজ হারিয়ে তার সাথে তর্কে জড়ান স্টার্ক।

স্টার্ককে বলতে শোনা যায়, ‘এটা আমার ফলো-থ্রু। উইকেট থেকে সরে দাঁড়াও।’ এমনকি পরে মিরাজকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’

তবে মাঠের সেই উত্তেজনা শেষ পর্যন্ত আর গড়ায়নি। তৃতীয় দিন শেষে মিরাজ জানান, পরদিন সকালে স্টার্ক তার সাথে কথা বলেছেন ও ভুল স্বীকার করেছেন। মিরাজ বলেন, ‘বোলিং করার পর সামনে চলে এসেছিল সে। আমিও আবার বলটা দেখতে পারিনি।’

তিনি আরো বলেন, ‘তো উইকেটের ভেতর থেকেই রানটা নিয়েছিলাম। এটা ক্রিকেট মাঠে হতে পারে। আজ সকালে ও আমার সাথে কথা বলেছে। গতকাল যা হয়েছে, ও বলেছে, না, ঠিক আছে। এটা আমারও ভুল হয়েছে। তবে ঠিক আছে, সব ঠিক আছে।’

মাঠের উত্তেজনা পেছনে ফেলে এখন মিরাজের মনোযোগ অস্ট্রেলিয়ার বাকি উইকেটগুলো দ্রুত তুলে নেয়ার দিকে। তৃতীয় দিন শেষে বাংলাদেশও রয়েছে ম্যাচের চালকের আসনে।

মিরাজ বলেন, ‘আমরা চেষ্টা করছি রানটা যতটা কমে আটকানো যায়। এই রানের মাঝে যদি আরো তিন থেকে চারটা উইকেট নিতে পারি, তখন আমাদের জন্য সহজ হবে। হয়তো রানের লক্ষ্যও বেশি থাকবে না।’

দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট মিরাজ। তার মতে, সবাই নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করায় দল হিসেবে ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ।