সোমবার থেকে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ।
এই সিরিজকে সামনে রেখে মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের দুই ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসান।
২ হাজার রান থেকে ১৪৮ রান দূরে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। ১২২ ম্যাচের ৯১ ইনিংসে ব্যাট করে ২ সেঞ্চুরি ও ৭ হাফ-সেঞ্চুরিতে ১৮৫২ রান করেছেন মিরাজ।
২০১৭ সালের মার্চে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় মিরাজের। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে বাংলাদেশের জন্য অবদান রাখেন তিনি। ওয়ানডেতে ১২৯ উইকেট শিকার করেছেন মিরাজ।
ওয়ানডে ক্যারিয়ারে ১ হাজার রান করতে ওপেনার তানজিদের দরকার ১১৫ রান। ২০২৩ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর এখন পর্যন্ত ওয়ানডেতে ১ শতক ও ৭ অর্ধশতকে ৩৭ ম্যাচের ৩৬ ইনিংসে ৮৮৫ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার।
এদিকে ১ হাজার রানের ক্লাবে প্রবেশের সুযোগ আছে ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের। এজন্য ২০৯ রান দরকার তার। ৪৬ ম্যাচের ৩৮ ইনিংসে ৫ অর্ধশতকে ৭৯১ রান করেছেন তিনি। বল হাতে ওয়ানডেতে ১৯ উইকেট ঝুলিতে আছে মোসাদ্দেকের।
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান প্রেসিডেন্ট তামিম ইকবাল। ২৪৩ ম্যাচে ৮৩৫৭ রান করেছেন তিনি।



