ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেট কাউন্টি চ্যাম্পিয়নশিপে আলো ছড়িয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। এরপর একই প্রতিযোগিতায় খেলার ডাক পেয়েছিলেন আরেক পেসার শরিফুল ইসলাম। তবে শেষ পর্যন্ত কাউন্টিতে খেলা হচ্ছে না শরিফুলের।
হাসানের দল কেন্টের হয়েই খেলার কথা ছিল শরিফুলের। কিন্তু ওয়ার্কলোড বিবেচনায় তাকে অনাপত্তিপত্র (এনওসি) দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে শরিফুলকে দেখা যাচ্ছে না।
শরিফুলের পরিবর্তে আরেক বাংলাদেশী পেসার খালেদ আহমেদকে দলে ভেড়ানোর পথে কেন্ট। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, খালেদকে নিয়েই শরিফুলের জায়গা পূরণ করতে যাচ্ছে ইংলিশ ক্লাবটি।
চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের চার ম্যাচের জন্য শরিফুলকে দলে চেয়েছিল কেন্ট। এনওসি পেলে হাসান মাহমুদের সাথে একই দলে খেলার সুযোগ হতো তার। এর আগে হাসানের চার ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছিল কেন্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে হাসান মাহমুদের আগে সাকিব আল হাসানও কাউন্টি ক্রিকেটে খেলেছেন। শরিফুল না পারলেও ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাউন্টি ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে খালেদের নাম।



