ভারতীয় ক্রিকেটে শেষ সূর্যকুমার যাদব-যুগ। দেশটির টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ককে দল থেকে বাদ দেয়া হয়েছে। টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে।
শনিবার (৬ জুন) বিসিসিআই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে, যেখানে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে শ্রেয়াস আইয়ারের নাম।
একইসাথে ভারত টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। অনেকেই মনে করছেন, অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির অধীনে নতুন অধ্যায়ের সূচনা হলো।
মুম্বাইয়ে বোর্ডের সদর দফতরে জাতীয় নির্বাচকদের বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। সেই বৈঠকেই সূর্যকুমার যাদবকে জাতীয় দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত হয়।
একইসাথে বড় চমক হিসেবে প্রথমবারের মতো ভারতীয় দলে সুযোগ পেয়েছে মাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। আইপিএলে দারুণ পারফরম্যান্স করে আলোচনায় আসা এই কিশোরকে নিয়ে আগে থেকেই আগ্রহ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ঘোষিত তিনটি দলেই তাকে রাখা হয়েছে।
আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হলে বয়সের দিক থেকে সে ভেঙে দিতে পারে শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড। ১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন লিটল মাস্টার। আর বৈভবের বয়স এখন মাত্র ১৫ বছর ৭১ দিন। ফলে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামলেই সেই রেকর্ড ছাপিয়ে যাবে।
কয়েক দিন ধরেই জল্পনা চলছিল, সূর্যকুমার যাদবের জায়গায় শ্রেয়াস আইয়ারকে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হতে পারে। আইপিএলে অধিনায়ক হিসেবে সফল পারফরম্যান্সই তাকে নেতৃত্বের দৌড়ে এগিয়ে রাখে। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তেই সিলমোহর পড়ে।
অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও ভারতের দলে জায়গা হয়নি শুভমান গিলের। আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান করেও কোনো স্কোয়াডেই জায়গা পাননি ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক।
এশিয়ান গেমসকে সামনে রেখে ঘোষিত ১৫ সদস্যের শক্তিশালী দলে রাখা হয়েছে জশপ্রীত বুমরাহকে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ১৬ সদস্যের যে টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে, সেখানে নতুন মুখ হিসেবে বৈভব ছাড়াও সুযোগ পেয়েছেন প্রিন্স যাদব। আইপিএলে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাদের জাতীয় দলে জায়গা দেয়া হয়েছে বলে নির্বাচকরা জানিয়েছেন।
আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী।
এশিয়ান গেমসের দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, জশপ্রীত বুমরাহ, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী।



