বিসিবির বোর্ড সভা আজ, আসতে যাচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

নয়া দিগন্ত অনলাইন
বিসিবির আলোচনা সভা
বিসিবির আলোচনা সভা |নয়া দিগন্ত অনলাইন

বাংলাদেশ ক্রিকেটে আজ আসতে পারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তন, মেডিক্যাল বিভাগের জবাবদিহিতা, কোচিং স্টাফে রদবদল, বিপিএলের ভবিষ্যৎ ও ভারত দলের বাংলাদেশ সফরসহ নানা বিষয়ে হবে আলোচনা।

সব মিলিয়ে বিসিবির পরিচালনা পর্ষদের আজকের সভাকে ঘিরে তুমুল আলোচনা চলছে। বুধবার (২৯ জুলাই) দুপুর ৩টার দিকে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই সভা। পরিচালনা পর্ষদের এই সভা দেশের ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ মোড় এনে দিতে পারে।

সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু ওয়ানডে দলের নেতৃত্ব। বিসিবির ভেতরের সূত্র বলছে, বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জায়গায় টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে ওয়ানডে দলের নেতৃত্বও দেয়া হতে পারে।

বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। অবশ্য লিটনকে ঘিরে শুধু অধিনায়কত্ব নয়, তার ইনজুরিও বড় আলোচনার বিষয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর জিম্বাবুয়ে সফরে গেলেও মাঠে নামতে পারেননি তিনি।

পরে দেশে ফিরে আসেন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট থেকেও ছিটকে যান। তার চোটের চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে ওঠা প্রশ্নের জবাব খুঁজতে মেডিক্যাল বিভাগের কার্যক্রমও খতিয়ে দেখবে বোর্ড।

তবে শুধু লিটন নন, সাম্প্রতিক সময়ে একাধিক ক্রিকেটারের ইনজুরি ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার মুখে পড়েছে বিসিবির মেডিক্যাল বিভাগ। চোট শনাক্তকরণ, চিকিৎসা পরিকল্পনা ও খেলোয়াড়দের মাঠে ফেরানোর প্রক্রিয়ায় কোথায় ঘাটতি রয়েছে, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তনের সিদ্ধান্তও আসতে পারে।

কোচিং স্টাফেও আসতে পারে নতুন চমক। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ও পেস বোলিং কোচ তালহা জুবায়েরের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বিদেশী কোচ নিয়োগের বিষয়ও বিবেচনায় রয়েছে।

অন্যদিকে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এবারের আসর হবে কিনা, হলে কবে ও কি কাঠামোয় হবে, এমনকি প্রতিযোগিতার নাম পরিবর্তনের প্রস্তাবও উঠতে পারে আজকের সভায়।

এ ছাড়া ভারতের সম্ভাব্য বাংলাদেশ সফরের সর্বশেষ অগ্রগতি, দেশের বিভিন্ন ক্রিকেট ভেন্যুর উন্নয়ন, অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি এবং অন্য প্রশাসনিক বিষয়ও থাকবে আলোচনায়।