বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে আছেন ডান-হাতি মুশফিকুর রহিম।
শনিবার (২২ আগস্ট) থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১৫৮ রান করলেই ৭ হাজার রানের মালিক হবেন মুশফিক।
২০০৫ সালে ১৮ বছর বয়সে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় মুশফিকের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বাংলাদেশ ক্রিকেটে মিডল অর্ডারের মেরুদণ্ড বনে যান মুশফিক।
দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে ইতোমধ্যে ১০০ টেস্ট খেলেছেন ৩৯ বছর বয়সী মুশফিক। এখন পর্যন্ত ১০৪ টেস্টের ১৯১ ইনিংসে ৩৯.০৯ গড়ে ৬৮৪২ রান করেছেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে ৩টি ডাবল-সেঞ্চুরি, ১৪ সেঞ্চুরি ও ২৯ হাফ-সেঞ্চুরি আছে মুশির।
২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২১৯ রান করেছেন মুশফিক। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল-সেঞ্চুরি হাঁকান তিনি। এরপর ২০২০ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির দেখা পান মুশি।
২০২৫ সালে ক্যারিয়ারের শততম টেস্টে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জায়গা করে নেন মুশফিক। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্টে ম্যাচে সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় জায়গা করে নেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রান করেন মুশফিক। এরপর দ্বিতীয় ইনিংসে অনবদ্য ৫৩ রান করেন তিনি। শততম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরিতে ওই টেস্টে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান মুশফিক।
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৬ রান করেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামার প্রয়োজন হয়নি তার। প্রথম টেস্ট ৯ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।



