নতুন ইতিহাস বাংলাদেশের, অজিদের ৯ উইকেটে উড়িয়ে টেস্ট জয়

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতে প্রথম ঐতিহাসিক টেস্ট জয় অর্জন করল বাংলাদেশ।

নয়া দিগন্ত অনলাইন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটে জয় বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটে জয় বাংলাদেশের |সংগৃহীত

অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইন টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এই স্মরণীয় জয় তুলে নিয়েছে টাইগাররা।

যে অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে পারাটাও ছিল স্বপ্নের মতো, সেখানেই বিজয় নিশান উড়াল টাইগাররা। অজিদের অহম ভেঙে, দর্প চুর্ণ করে লিখলো নয়া কীর্তিগাঁথা। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়- এখন আর স্বপ্ন নয়। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে, দাপটের সাথে ডারউইনে স্বাগতিকদের হারিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তরা সাদা পোশাকে এনে দিয়েছেন রঙিন মুহূর্ত।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয় এবং সব মিলিয়ে অজিদের বিপক্ষে টেস্টে এটি দ্বিতীয় সাফল্য।

অবশ্য জয়ের সুরটা বাংলাদেশ বেঁধেছিল প্রথম দিনে, প্রথম সেশন থেকেই। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে শুরু থেকেই দাপুটে ছিল টাইগাররা। হাসান মাহমুদের ৬ উইকেটে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে দেয় তারা।

এরপর টাইগাররা নিজেদের প্রথম ইনিংসে করে ৪২৬ রান। রেকর্ড গড়া সেঞ্চুরি তুলে নেন তানজিদ তামিম (১০১)। তাতে ২২৮ রানের রেকর্ড লিড পায় বাংলাদেশ। সেই লিড ভাঙতে গিয়েই হাপিত্যেশ করতে থাকে অজিরা। শেষ পর্যন্ত লিড ভাঙতেও পারে।

তবে লিড ভাঙতে গিয়ে ইনিংস আর বড় করা হয়নি। সব কয়টি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়া তুলতে পারে ২৮৪ রান। যেখানে ক্যামেরন গ্রিন একাই করেন ২০১ বলে ১০৪ রান। এছাড়া ৪৪ রান করেন স্টিভ স্মিথ।

অন্যদিকে বাংলাদেশের হয়ে ৫ উইকেট পান মেহেদী মিরাজ। যা টেস্টে ১৫তম ফাইফার। এছাড়া হাসান মাহমুদ নেন ৩ উইকেট। তাতেই অজিরা গুটিয়ে যায়, জয় হাতছানি দিতে থাকে টাইগারদের। বাকি কাজটা ছিল ব্যাটারদের।

আনুষ্ঠানিকতা সারতে গিয়ে শুরুতেই তানজিদ তামিমকে (০) হারায় বাংলাদেশ। তবে এরপর আর ভুল হয়নি, অজিদের আর কোনো সুযোগ দেননি সাদমান ইসলাম ও মুমিনুল হক। দু’জনে ৫৩ রানের জুটি গড়ে নিশ্চিত করেন জয়।

সাদমান ৪২ বলে ২৫ ও মুমিনুল হক ৩৯ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। তাতেই স্বপ্ন সত্যি হয়, বহুল কাঙ্ক্ষিত জয় পেয়ে যায় বাংলাদেশ।