ভারত সিরিজ নিশ্চিতে এবার সরকারি তৎপরতা, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে বিসিবি

‘বিসিসিআই এখনো সফরটি নিয়ে আনুষ্ঠানিক ও চূড়ান্ত সিদ্ধান্ত না দেয়ায় দুই দেশের সরকারি পর্যায়ে যোগাযোগ আরো জোরদারের অনুরোধ জানিয়েছে বোর্ড। বিসিবির বিশ্বাস, সফরটি নির্ধারিত সময়ে আয়োজন করতে কূটনৈতিক সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) |সংগৃহীত

আগস্টের শেষ দিকে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতের বাংলাদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আনুষ্ঠানিক সম্মতির অপেক্ষায় থাকলেও সম্ভাব্য সিরিজটি বাস্তবায়নে এবার সরকারি পর্যায়ে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বৃহস্পতিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল ও বোর্ডের সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে তার কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে সম্ভাব্য ভারত সফর এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বিসিবি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই এখনো সফরটি নিয়ে আনুষ্ঠানিক ও চূড়ান্ত সিদ্ধান্ত না দেয়ায় দুই দেশের সরকারি পর্যায়ে যোগাযোগ আরো জোরদারের অনুরোধ জানিয়েছে বোর্ড। বিসিবির বিশ্বাস, সফরটি নির্ধারিত সময়ে আয়োজন করতে কূটনৈতিক সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মূলত ২০২৪ সালেই এই সিরিজ হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে তা দুই দফা পিছিয়ে যায়। সংশোধিত সূচি অনুযায়ী, চলতি বছরের আগস্টের শেষ দিকে বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের।

এর আগে, ২৯ জুলাই বিসিবি সভাপতি তামিম ইকবাল সিরিজটি নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও স্বীকার করেছিলেন, বিষয়টি শুধু দুই ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নয়। সফরটি বাস্তবায়নে সরকারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি।

সব মিলিয়ে ভারত সিরিজ নিয়ে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি। তবে নির্ধারিত সূচি ধরে সফরটি আয়োজনের লক্ষ্যে বিসিবি যে এবার সরকারি পর্যায়ে সমন্বয় বাড়িয়েছে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেটিই স্পষ্ট হয়ে উঠছে।