পারিশ্রমিক নিয়ে জটিলতা, মাঠে নামলেন না ক্রিকেটাররা

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে অগ্রণী ব্যাংকের মুখোমুখি হওয়ার কথা ছিল ব্রাদার্সের। ম্যাচের উদ্দেশে যথাসময়ে টিম বাস নিয়ে মাঠে গেলেও খেলতে নামেনি দলটির ক্রিকেটাররা।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
বিসিবির লোগো
বিসিবির লোগো |ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেটে পারিশ্রমিক নিয়ে জটিলতা নতুন কিছু নয়। বিপিএলের শেষ কয়েক আসর তো বটেই, গত বছরের ঢাকা প্রিমিয়ার লিগেও একই রকম আর্থিক কেলেঙ্কারি দেখা দিয়েছিল।

সেবার যথাসময়ে পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট করেছিলেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। এবার একই কারণে খেলতে নামেনি ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা।

আজ শুক্রবার (৫ জুন) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে অগ্রণী ব্যাংকের মুখোমুখি হওয়ার কথা ছিল ব্রাদার্সের। ম্যাচের উদ্দেশে যথাসময়ে টিম বাস নিয়ে মাঠে গেলেও খেলতে নামেনি দলটির ক্রিকেটাররা।

ক্লাবটির ক্রিকেটাররা টস করতে না নামায় ও নির্দিষ্ট সময়ে টিম লিস্ট জমা না দেয়ায় নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ অগ্রণী ব্যাংকে ওয়াকওভার নিয়ম অনুযায়ী জয়ী ঘোষণা করেছেন ম্যাচ অফিশিয়ালরা।

খোঁজ নিয়ে জানা গেছে, পারিশ্রমিক সমস্যার কারণে খেলতে রাজি হয়নি ব্রাদার্সের ক্রিকেটাররা। ম্যাচের দিন সকালে ক্লাবের পক্ষ থেকে খুবই সামান্য অর্থ দেওয়ার প্রস্তাব দেয়া হয়। যা মানতে রাজি হননি ক্রিকেটাররা। ফলে নামেননি মাঠে। আপাতত বোর্ড প্রধান তামিম ইকবালের দিকে চেয়ে আছেন ব্রাদার্সের ক্রিকেটাররা। তবে এই ঘটনায় বড় ধাক্কা হয়ে দেখা দিবে তামিমের জন্যও।

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। তার মাত্র দুই দিন আগে দেশের ক্রিকেটের শীর্ষ ঘরোয়া লিগে এমন ঘটনা নিশ্চিতভাবেই তামিমকে চাপে ফেলে দিবে।

এদিকে এই ম্যাচ না খেলায় ১২ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলের টেবিলের তলানিতে রয়েছে ব্রাদার্স। আর বিনা কষ্টের জয়ে টেবিলের ওপরের দিকে নিজেদের অবস্থান আরো শক্ত করল অগ্রণী ব্যাংক।

৯ ম্যাচে ৫ জয় ও ১০ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে।