৪ বছর পর দলে ফিরে ফিফটি মোসাদ্দেকের

মোসাদ্দেক হোসেন সৈকত চার বছর পর জাতীয় দলে ফিরে দুর্দান্ত ফিফটি তুলে নিয়েছেন, তবে বাংলাদেশের ইনিংস মাঝপথে ধাক্কা খাওয়ায় দল এখনো চাপে রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মোসাদ্দেক হোসেন সৈকত
মোসাদ্দেক হোসেন সৈকত |সংগৃহীত

প্রত্যাবর্তন রাঙানোর চেষ্টায় আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ইতোমধ্যে তুলে নিয়েছেন ফিফটি, ৪৯ বলে ক্যারিয়ারের চতুর্থ পঞ্চাশ ছুঁয়েছেন তিনি। বাংলাদেশের সংগ্রহ ৪৩.৪ ওভারে ৬ উইকেটে ২১৯।

চার বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক। লাল-সবুজের জার্সিতে শেষবার খেলেছেন ২০২২ সালের আগস্টে। মাঝের সময়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ ব্যাট করেও সুযোগ পাননি দলে।

অবশেষে যখন সুযোগ পেলেন, তার সদ্ব্যবহার করলেন। তাওহীদ হৃদয়ের সাথে জুটি গড়ে টানতে থাকেন দলকে। তাদের ব্যাটে ভর করে ৩৮তম ওভারে দু’ শ’ স্পর্শ করে বাংলাদেশ।

অবশ্য প্রথম এক শ’ করেছিল মাত্র ১৬ ওভারে। মাত্র ১ উইকেট হারিয়ে করেছিল ১০২ রান। তবে এরপর কমে আসে রানের গতি, দ্রুত আরো ৩ উইকেট হারায় দল। এরপর হাল ধরেন মোসাদ্দেক ও হৃদয়।

তবে ৪০.৩ ওভারে দলের রান ২১৫ পর্যন্ত পৌঁছাতেই ভাঙে জুটি। ৯০ বলে ৭৫ রানের জুটি ভেঙে হৃদয় ফিরেছে ৫১ বলে ৩১ করে। সাথে নেমে সুবিধা করতে পারেননি মেহেদী মিরাজ। ১২ বলে ৩ রানে আউট তিনি।