এলপিএলে তাওহীদ হৃদয়ের অবিশ্বাস্য ঝড়

এলপিএলে তাওহীদ হৃদয়ের ৮ বলে ৩১ রানের অবিশ্বাস্য ঝড়ে জাফনা কিংস ২০২ রান সংগ্রহ করে কলম্বোকে ১৯ রানে পরাজিত করেছে।

নয়া দিগন্ত অনলাইন
এলপিএলে তাওহীদ হৃদয় ৮ বলে ৩১ রানে অপরাজিত
এলপিএলে তাওহীদ হৃদয় ৮ বলে ৩১ রানে অপরাজিত |সংগৃহীত

লঙ্কান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দুর্দান্ত এক ক্যামিও খেলেছেন বাংলাদেশের তারকা তাওহীদ হৃদয়। মাত্র ৮ বল মোকাবিলা করে ৪টি ছক্কা ও ১টি চারে ৩১ রানে অপরাজিত থাকেন তিনি। স্ট্রাইক রেট ৩৮৭.৫০!

তার এই বিধ্বংসী ইনিংসেই ২০০ পেরোনো সংগ্রহ পায় জাফনা কিংস। ৫ উইকেটে করে ২০২ রান। পরে কলম্বো ক্যাপসকে ১৯ রানে হারিয়ে জয় তুলে নেয় দলটি। ৯ উইকেটে ১৮৩ রানেই থেমে যায় কলম্বো ক্যাপস।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে আগে ব্যাট করতে নামা জাফনার ইনিংসের ভিত্তি গড়ে দেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। ৬৫ বলে ৯৫ রানের অসাধারণ ইনিংস খেলে রানআউট হন তিনি।

এছাড়া কামিল মিশরা ১৯ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষদিকে নেমে হৃদয় যেন ঝড় তুলেছিলেন শেষ ওভারে পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানির থেকেই আদায় করে ৩০ রান।

জাফনায় খেলা বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসান এদিন ব্যাট করার সুযোগ পাননি। পরে বল হাতে ৩ ওভারে ২৭ রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি। ৩টি উইকেট নেন দিলশান মাদুশঙ্কা।