প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স স্বীকার করেছেন, তারা পুরোপুরি পরাস্ত হয়েছে। পাশাপাশি দ্বিতীয় টেস্টে দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।
ডারউইনে টেস্ট ক্রিকেটের ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটিয়ে অস্ট্রেলিয়াকে চতুর্থ দিনেই পরাজিত করেছে বাংলাদেশ।
পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নেমেছিল টিম অস্ট্রেলিয়া এবং সহজেই জিতবে বলে ধারণা করা হয়েছিল। এর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও সফরকারী বাংলাদেশ ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে হেরেছিল।
তবে ডারউইনে চাপে থাকা ব্যাটার জেক ওয়েদারাল্ড ও মার্নাস লাবুশেন দু’জনই ব্যর্থ হয়েছেন। একইসাথে অলরাউন্ডার বো ওয়েবস্টার ও ক্যামেরন গ্রিন— দু’জনকেই একাদশে রাখার প্রয়োজনীয়তা অস্ট্রেলিয়ার আছে কি-না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। গ্রিন ও ওয়েবস্টার বল হাতে খুব একটা কার্যকর ছিলেন না। তবে দ্বিতীয় ইনিংসে গ্রিন দৃঢ় মানসিকতার সাথে সেঞ্চুরি করেন।
টপ অর্ডার ব্যাটিং নিয়ে কামিন্স বলেন, ‘এটা একটি টেস্ট ম্যাচ, কিন্তু একইসাথে এটা কিছুটা ধারাবাহিক সমস্যারও ইঙ্গিত দিচ্ছে। তাই এখনই কী আমাদের হস্তক্ষেপ করতে হবে, নাকি বিষয়টিকে চলতে দিয়ে মনে করতে হবে যে এটাই সামনে এগিয়ে যাওয়ার পথ, সেটা বোঝার চেষ্টা করতে হবে।’
তিনি বলেন, ‘আমি মনে করি, আগামী কয়েক দিনে আমরা বসে এ বিষয়টি নিয়ে চিন্তা করবো। এখানে কি এমন কিছু আছে যা আমাদের সামনে এগিয়ে নেবে? নাকি এটা এমন একটি প্রবণতায় পরিণত হচ্ছে, যা আমাদের মনে হচ্ছে পরিবর্তন করা প্রয়োজন?’
বাংলাদেশের প্রথম ইনিংসে ৪২৬ রান অস্ট্রেলিয়ার বোলারদের ডারউইনের প্রচণ্ড গরম ও আর্দ্রতার মধ্যে ১৩৮ ওভার বোলিং করতে বাধ্য করেছে। নির্বাচকদের দল গঠনের ক্ষেত্রে এটিও একটি বিবেচনার বিষয় হতে পারে বলে স্বীকার করেছেন কামিন্স।
তিনি আরো বলেন, ‘স্কট বোল্যান্ড কতটা ভালো, সেটা আমরা সবাই জানি। তাই আমরা সেখানে গিয়ে উইকেট দেখব এবং আমাদের সেরা বোলিং কম্বিনেশন কী হতে পারে, সেটা ঠিক করব। তবে স্কটি যখন স্কোয়াডে থাকে, তখন তাকে দলে জায়গা করে দেয়ার কোনো উপায় বের করার চেষ্টা সব সময়ই করতে হয়।’
প্যাট কামিন্স বলেন, ‘আমি মনে করি, আমরা অপেক্ষা করব। আমার মনে হয়, এই ম্যাচের পর সব বোলারই মোটামুটি ভালোভাবে সেরে উঠেছে।’
গত ছয় সপ্তাহ ধরে ব্রিসবেনে অনুশীলন করা অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ অনেক ভালো খেলেছে বলেও স্বীকার করেন কামিন্স।
তিনি বলেন, ‘এই সপ্তাহে তারা আমাদের চেয়ে অনেক ভালো দল ছিল। সত্যি বলতে, সব দিক থেকেই তারা আমাদের পরাস্ত করেছে বলে আমি মনে করি। তারা অত্যন্ত ধৈর্য ধরে খেলেছে, আমাদের ম্যাচে ফিরে আসার কোনো সুযোগই দেয়নি এবং নিজেদের ক্যাচগুলোও ধরে রেখেছে।’
তিনি আরো বলেন, ‘আমার মনে হয়েছে, আমরা শুরুটা ভালো করতে পারিনি। আর ভালো উইকেটে ভালো একটি দলের বিপক্ষে একবার পিছিয়ে পড়লে ম্যাচের নিয়ন্ত্রণ বা গতি নিজেদের দিকে ফিরিয়ে আনা সত্যিই কঠিন হয়ে যায়।’
উল্লেখ্য, দুই দল আগামী ২২ আগস্ট ম্যাকায়তে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে। বাসস



