গাদ্দাফি স্টেডিয়ামের ডিমেরিট পয়েন্ট বাতিল করলো আইসিসি

একই সিরিজে, একই মাঠে ৮ জুন যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচের উইকেটের জন্য আরোপিত একটি ডিমেরিট পয়েন্ট প্রত্যাহার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

চলতি বছরের জুন মাসে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে ম্যাচে ভেন্যুর বিরুদ্ধে দেয়া ডিমেরিট পয়েন্ট তুলে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিচকে ‘অসন্তোষজনক’ রায় দিয়ে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। আরোপিত ডিমেরিট পয়েন্ট প্রত্যাহার করে নিয়েছে আইসিসির আপিল প্যানেল।

ম্যাচে প্রথমে ব্যাট করে ৪২ ওভারে ১৫৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ৪১ দশমিক ৫ ওভারে ৬ উইকেটে ১৬১ রান তুলে ৪ উইকেটে ম্যাচ জিতে পাকিস্তান। লো-স্কোরিং ম্যাচে স্পিনাররা বাড়তি সুবিধা পাওয়ায় গাদ্দাফির উইকেট নিয়ে সমালোচনা হয়।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ম্যাচের ফুটেজ, ম্যাচ রেফারির প্রতিবেদন এবং সংশ্লিষ্ট দলগুলোর জমা দেয়া আনুষ্ঠানিক মতামত পর্যালোচনার করে শাস্তি প্রত্যাহার করেছে আপিল প্যানেল।

প্যানেলের মতে, ম্যাচ রেফারি আইসিসির পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণ প্রক্রিয়ার নির্দেশিকা অনুসরণ করলেও, ‘পিচটিতে অতিরিক্ত অসমতা বা স্পিন ছিল না।’ তাই ডিমেরিট পয়েন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

এদিকে, টরন্টোর কিং সিটির মেপল লিফ ক্রিকেট গ্রাউন্ডের বিপক্ষে দেয়া তিনটি ডিমেরিট পয়েন্ট বহাল রাখা হয়েছে। গত ১৬ জুন কানাডা ও নেদারল্যান্ডসের মধ্যকার পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর ম্যাচের উইকেট নিয়ে ম্যাচ রেফারির দেয়া ‘অনুপযুক্ত’ রায় বহাল রেখেছে আপিল প্যানেল।

একই সিরিজে, একই মাঠে ৮ জুন যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচের উইকেটের জন্য আরোপিত একটি ডিমেরিট পয়েন্ট প্রত্যাহার করা হয়েছে।