ম্যাকাইয়ে মাত্র দু’দিনে ৭৫০ বলে নিষ্পত্তি হলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যেকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দ্রুততম সময়ে এবং কম বলের মধ্যে শেষ হওয়ায় রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে এই টেস্টটি।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাকাই টেস্টে মোট ৭৫০ বল খেলা হয়েছে। পুরুষদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বল বিবেচনায় এটি চতুর্থ এবং অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় সংক্ষিপ্ত টেস্ট ম্যাচ।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ সাত টেস্টের মধ্যে তিনটি মাত্র দুই দিনে শেষ হয়েছে।
ম্যাকাই টেস্টে তিন ইনিংসে সর্বমোট ৩৬৯ রান হয়েছে। পুরুষদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো ম্যাচে এটি ষষ্ঠ সর্বনিম্ন রান। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টেস্টের ক্ষেত্রে কোনো ম্যাচে দ্বিতীয় সর্বনিম্ন রান। এর চেয়ে কম ২৩৪ রান হয়েছে ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলবোর্ন টেস্টে।
ম্যাকাই টেস্টের দুই ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল যথাক্রমে- ৬৪ ও ৯৫ রান। এই প্রথম টেস্টের দুই ইনিংসে ১০০ রানের নিচে অলআউট হলো বাংলাদেশ।
২০০৫ সালে হারারেতে নিউজিল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ে অলআউট হওয়ার পর টেস্ট ক্রিকেটে বাংলাদেশই প্রথম দল যারা ম্যাচের দুই ইনিংসে ১০০ রানের নিচে গুটিয়ে গেল।
ম্যাকাইয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২১০ রান। টেস্ট ক্রিকেটে ইনিংস ব্যবধানে জয়ের ক্ষেত্রে এটি চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ। তালিকার শীর্ষ তিনের মধ্যে সর্বনিম্ন সংগ্রহের দু’টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। এরমধ্যে রেকর্ডটি অস্ট্রেলিয়ার দখলে। ১৯৩২ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৩ রান করেও ইনিংস ও ৭২ রানে জিতেছিল অজিরা।
ম্যাকাই টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। এজন্য মোট ১০৯টি বল ডেলিভারি করেছেন তিনি। পুরুষদের টেস্ট ক্রিকেটে কম বল ডেলিভারি করে ১০ উইকেট নেওয়ার ক্ষেত্রে এটি পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে। এক্ষেত্রে রেকর্ডের মালিক ইংল্যান্ড পেসার জিওর্জি লোহম্যান। ১৮৯৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯১ বল ডেলিভারি করে ১০ উইকেট শিকার করেছিলেন তিনি।
সর্বশেষ এই তালিকায় নাম তুলেছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ফ্রাঙ্ক উলি। ১৯১২ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ বল ডেলিভারি দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন তিনি।
অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে স্টার্কের কীর্তি দ্রুততম। আগের রেকর্ডটিও ছিল স্টার্কের। গত বছর অ্যাশেজ সিরিজে পার্থ টেস্টে ১২৩ বল ডেলিভারিতে ১০ উইকেট নিয়েছিলেন তিনি।
ম্যাকাই টেস্টে বাংলাদেশের ৬ জন ব্যাটারকে শূন্য রানে আউট করেছেন স্টার্ক। টেস্ট ইতিহাসে এর চেয়ে বেশিবার প্রতিপক্ষের ব্যাটারকে শূন্য রানে আউট করেছেন ইংল্যান্ড অফ-স্পিনার জিম লেকার। ১৯৫৬ সালে ম্যানচেষ্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১৯ উইকেট নেয়ার পথে ৮ ব্যাটারকে শূন্য রানে সাজঘরে পাঠান লেকার। টেস্টে প্রতিপক্ষের ৬ জন ব্যাটারকে শূন্য রানে আউট করার কৃতিত্ব আরো আটজন বোলারের আছে।
সিরিজের দ্বিতীয় টেস্টে স্টার্কের নেয়া ১০ উইকেটের মধ্যে ৮ জনই বাঁ-হাতি ব্যাটার। পুরুষদের টেস্টে সবচেয়ে বেশি ১০ জন বাঁ-হাতি ব্যাটারের উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষেই এই কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি।
এ ছাড়া নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট (২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে), ভারতের রবীচন্দ্রন অশ্বিন (২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) এবং বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ (২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে) এক টেস্টে ৮ জন করে বাঁ-হাতি ব্যাটারকে আউট করেছিলেন।



