টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। এবার হোবার্ট হারিকেনস একাডেমিকে ৩ উইকেটে হারিয়েছে ইরফান শুক্কুরের দল।
অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা ওভালে টস জিতে হোবার্টকে আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। মাত্র ১৩ রানেই হারায় ২ উইকেট। তবে টিগ উইলির অপরাজিত ৭৮ রানের ইনিংসে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে হোবার্ট।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ রুবেল। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন এই অফস্পিনার। রিপন মন্ডল নেন ২ উইকেট। আবু হায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইন পান একটি করে উইকেট।
১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই ওভারেই হাবিবুর রহমান সোহান ও আরিফুল ইসলামকে হারায় তারা। দুজন মিলে করেন মাত্র ৪ রান।
এরপর জিসান আলমও বেশিক্ষণ টিকতে পারেননি। ৯ রান করে ফেরেন নেপাল ‘এ’ দলের বিপক্ষে আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা এই ব্যাটার। শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলকে ম্যাচে ফেরান সাব্বির রহমান।
দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৬ বলে তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত ৪৫ বলে ৫৯ রান করে আউট হন সাব্বির। তার ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। শামীম হোসেনের (১৬) সাথে গড়েন ৪৪ বলে ৪৬ রানের জুটি।
এরপর মেহরাব হাসানের ১৩ রান বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে যায়। শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইনের ১৩ বলে অপরাজিত ১৯ ও আবু হায়দার রনির ৮ রানে ২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
এই জয়ে টুর্নামেন্টে দুই ম্যাচে বাংলাদেশের জয় এখন দুটি। ৪ পয়েন্ট নিয়ে নেট রানরেটে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সমান চার পয়েন্ট নিয়েও ভালো নেট রানরেটের কারণে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড ‘এ’।



