৩৭ আম্পায়ারের সাথে নতুন চুক্তি, নেই এলিট আম্পায়ার শরফুদ্দৌলা

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একজন এলিট আম্পায়ারকে নতুন চুক্তির বাইরে রাখার সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই কৌতূহলের জন্ম দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
শরফুদ্দৌলা ইবনে সৈকত
শরফুদ্দৌলা ইবনে সৈকত |ফাইল ছবি

বাংলাদেশের একমাত্র আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ও অ্যাশেজের মতো মর্যাদাপূর্ণ আসরে নিয়মিত দায়িত্ব পালন করে থাকেন। তবে এই তারকা আম্পায়ারের নাম নেই বিসিবির নতুন চুক্তিভুক্ত আম্পায়ারদের তালিকায়।

বিসিবি ৩৭ জন আম্পায়ার, ৮ জন ম্যাচ রেফারি, একজন কোচ ও ৮ জন স্কোরারের সাথে নতুন করে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিলেও সেই তালিকায় জায়গা হয়নি শরফুদ্দৌলার। বিষয়টি বিস্ময়ের জন্ম দিয়েছে দেশের ক্রিকেটাঙ্গনে।

যদিও বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি, তবে বোর্ড-সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০২৫ সালে ঢাকা প্রিমিয়ার লিগে তাওহীদ হৃদয়ের শাস্তি নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরেই সম্পর্কের অবনতি ঘটে।

ওই ঘটনার পর ক্ষুব্ধ হয়ে শরফুদ্দৌলা বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে তখন বিসিবি তার পদত্যাগ গ্রহণ করেনি। বরং ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত চুক্তি অনুযায়ী মাসিক বেতন পরিশোধ করা হয়। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর নবায়ন করা হয়নি।

ফলে স্বাভাবিকভাবেই বোর্ডের চুক্তিভুক্ত তালিকা থেকে বাদ পড়েছেন তিনি। বিসিবির আম্পায়ার ও স্কোরার বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি নবায়ন না হলে স্বয়ংক্রিয়ভাবে বেতন বন্ধ হয়ে যায়।

এদিকে শরফুদ্দৌলা নিজেও জানিয়েছেন, এপ্রিলের পর তিনি আর কোনো বেতন পাননি। এরপর তিনি ধরে নিয়েছেন, বোর্ড তার চুক্তি আর নবায়ন করেনি। বিষয়টি নিয়ে তিনি আর কোনো আলোচনা করার প্রয়োজনও মনে করেননি।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একজন এলিট আম্পায়ারকে নতুন চুক্তির বাইরে রাখার সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই কৌতূহলের জন্ম দিয়েছে।