সুযোগটা কাজে লাগালেন জাকির হাসান। ‘এ’ দলে সুযোগ পেয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকালেন তিনি। রানের দেখা পান ইফিতেখার হোসাইনও। তাদের ব্যাটে ভর করেই দারুণ জয় পায় বাংলাদেশ ‘এ’ দল।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সোমবার (৮ জুন) জিম্বাবুয়ের বিপক্ষে ৮৫ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৩৬৪ রানের পুঁজি গড়ার পর প্রতিপক্ষকে ২৭৯ রানেই গুটিয়ে দিয়েছেন তারা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই শাহাদাত হোসেনকে হারায় বাংলাদেশ। সেই ধাক্কা দল সামলে ওঠে জাকির ও ইফতেখারের ব্যাটে। দ্বিতীয় উইকেটে ১৫৮ রানের জুটি গড়েন তারা।
দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে ২৩তম ওভারে ফেরেন ৪২ বলে ফিফটি করা ইফতেখার। ৫৮ বলে ৭০ রান করে আউট হন তিনি। এরপর অমিত হাসানের সাথে ৬২ রানের জুটিতে দলীয় স্কোর দুই শ’ অতিক্রম করে বাংলাদেশ।
তবে ইনিংসকে আরো টেনে নিয়ে ৮৪ বলে সেঞ্চুরি স্পর্শ করেন জাকির। এরপর ৯৭ বলে ১১৯ রান করে আউট হন তিনি। এছাড়া অমিত হাসান ৩১ ও ইয়াসির আলি করেন ৩৪ রান।
শেষ দিকে দ্রুত সময়ের মাঝে বেশ কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। তবে এর মাঝেই সামিউন বশির ১৮ বলে করেন ৪১ রান। এছাড়া ২৬ বলে ২৭ রান করেন আকবর আলী। তাতেই সাড়ে তিন শ’ পেরোয় দল।
রান তাড়ায় ওপেনার ম্যাথিউ ক্যাম্পবেলের ৫২ রানের ইনিংসের পর জিম্বাবুয়েকে টানেন মাধেভেরে। ছয়ে নেমে তিনটি ছক্কা ও ১৩টি চারে ১১৬ রান করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বিফলে যায় তার সেঞ্চুরি।
পেসার রোহানাত উদ দ্দৌলা বর্ষণ ও বাঁহাতি স্পিনার সামিউন তিনটি করে উইকেট নেন। দু’টি উইকেট তুলে নেন স্পিনার আলিস আল ইসলাম।



