অ্যাশেজের আগেই টেস্ট ছাড়ার ইঙ্গিত স্মিথের

আগামী বছরের জুনে ইংল্যান্ডের মাটিতে রয়েছে বহুল প্রতীক্ষিত অ্যাশেজ। তবে সেই সিরিজে নিজেকে দেখছেন কি না, তা এখনই বলতে পারছেন না স্মিথ।

নয়া দিগন্ত অনলাইন
স্টিভেন স্মিথ
স্টিভেন স্মিথ |সংগৃহীত

অস্ট্রেলিয়ার অন্যতম সেরা স্টিভেন স্মিথ বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজেও ব্যাট হাতে ছিলেন দলের সবচেয়ে উজ্জ্বল পারফরমার। কিন্তু ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে এবার নিজের ভবিষ্যৎ নিয়েই বড় অনিশ্চয়তার কথা জানালেন এই তারকা ব্যাটসম্যান। আগামী বছরের অ্যাশেজ পর্যন্ত খেলবেন কি না, সেটিও নিশ্চিত নন তিনি।

ইউরোপিয়ান লিগে টি-টোয়েন্টি খেলায় ব্যস্ত স্মিথ। অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে রয়েছে ব্যস্ত আন্তর্জাতিক সূচি। আগামী ১১ মাসে ২২টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এর মধ্যে আগামী বছরের জুনে ইংল্যান্ডের মাটিতে রয়েছে বহুল প্রতীক্ষিত অ্যাশেজ। তবে সেই সিরিজে নিজেকে দেখছেন কি না, তা এখনই বলতে পারছেন না স্মিথ।

সম্প্রতি টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, ‘আমি অ্যাশেজে থাকব কি না, তা নিয়ে নিজেই নিশ্চিত নই। এখন সিরিজ ধরে ধরে ভাবছি, আর বেশ কিছুদিন ধরে এভাবেই চলছে। ওই সময়টা এখনো আমার জন্য অনেক দূরে। ইংল্যান্ডে সিরিজ জেতার স্বাদ পেলে তা ভালোই লাগবে। তবে এটা সত্যি বাস্তবে হয় কি না, তা দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে।’

টেস্ট ক্যারিয়ারে অবশ্য নিজের অর্জন নিয়ে যথেষ্ট তৃপ্ত স্মিথ। ১২৫ টেস্টে ৫৪ গড়ে ৩৭টি শতক রয়েছে তার। লাল বলের ক্রিকেটে তাই ক্যারিয়ারের শেষ অধ্যায় খুব বেশি দূরে নয় বলেই মনে হচ্ছে। বরং এখন সংক্ষিপ্ত সংস্করণে আরো কিছুদিন খেলার পরিকল্পনা করছেন তিনি।

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ১২৮ বছর পর ক্রিকেট ফিরবে। তখন স্মিথের বয়স ৩৯ পেরিয়ে যাবে। তবু অলিম্পিকের মঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে খেলার স্বপ্ন দেখছেন তিনি।

‘এই মুহূর্তে অলিম্পিকই হয়তো একমাত্র জায়গা, আমি যার অংশ হতে চেষ্টা করতে চাই। ইউরোপিয়ান লিগে খেলার অন্যতম প্রধান কারণও যতটা সম্ভব টি-টুয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়া।’

অবসরের পর কী করবেন, তা নিয়েও এখনো নিশ্চিত নন স্মিথ। তার ব্যাটিং দক্ষতা ও ক্রিকেট-জ্ঞান বিবেচনায় অনেকে ভবিষ্যতে তাকে কোচিংয়ে দেখতে চান। তবে খেলা না থাকলে এখন আর আগের মতো ক্রিকেট দেখেন না তিনি।

তারপরও ব্যাট হাতে আরো কিছুদিন থাকার ইচ্ছা স্পষ্ট তার কথায়।। ‘আমি এখনো ভাবি যে আরো কিছুদিন টি-টোয়েন্টি খেলে যেতে পারব। খেলা ছাড়ার পর আমার ভবিষ্যৎ কী? আমি নিশ্চিত নই, তবে আশা করছি, খেলোয়াড় হিসেবে আরো কিছুটা সময় বাকি আছে। খেলায় আমি অনেক কিছু অর্জন করেছি। গত ১৫ বছর বা তার কাছাকাছি সময়ের এই পথচলাটা দুর্দান্ত ছিল।’

স্মিথের কথায় তাই অবসরের ঘোষণা না থাকলেও ইঙ্গিতটা পরিষ্কার- অ্যাশেজ তার টেস্ট ক্যারিয়ারের শেষ অধ্যায় হতে পারে, আবার তার আগেই নামতে পারে পর্দা।