বাংলাদেশ ক্রিকেটে আবারো ফেরার সম্ভাবনার কথা জানালেন সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রস্তাব এলে বিষয়টি ‘অবশ্যই ভাববেন’ বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি।
২০২২ সালে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড। প্রায় দেড় বছর কাজ করার পর ২০২৩ বিশ্বকাপ শেষে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেন তিনি। বিদায়ের সময় দলের ভেতরের কিছু বিষয় নিয়ে তার মাঝে অভিমানও তৈরি হয়েছিল।
তবে বাংলাদেশ ছাড়ার পরও দেশের ক্রিকেটের সাথে প্রতি টান কমেনি ডোনাল্ডের। পেসারদের সাথে এখনো তার যোগাযোগ রয়েছে। এমনকি তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমানদের সাথে ডোনাল্ডের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পেসারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর নতুন করে আলোচনায় আসেন ডোনাল্ড। তার অধীনে কাজ করা কয়েকজন পেসারই এখন বাংলাদেশের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ।
এদিকে শন টেইটের বিদায়ের পর বাংলাদেশ দলে বর্তমানে স্থায়ী পেস বোলিং কোচ নেই। এমন পরিস্থিতিতে ডোনাল্ডকে ফেরানোর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি এক টিভি চ্যানেককে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই নিয়ে ডোনাল্ড বলেন ‘আপনি কখনো জানেন না কখন দ্বিতীয়বার বা দ্বিতীয় সুযোগ আসতে পারে। আমি জানি, বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছু পরিবর্তন হয়েছে।
বাংলাদেশ থেকে ডাক এলে আগ্রহী হবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি অবশ্যই সেটা নিয়ে ভাবব। অবশ্যই।’
তবে সরাসরি ফেরার প্রতিশ্রুতি দেননি ডোনাল্ড। তার মতে, আগে বিসিবির পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে জানতে হবে। এরপর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
ডোনাল্ড বলেন, ‘প্রথমে আমাকে টেবিলে বসে বলতে হবে—আমরা কোথায় যেতে পারি, কিভাবে এটা সম্ভব করতে পারি। বাংলাদেশের ক্রিকেট সামনে কী পরিকল্পনা করছে, সে সম্পর্কে আমি পুরোপুরি নিশ্চিত নই।’
বাংলাদেশে তার আগের অধ্যায় শেষ হয়েছিল কিছুটা অভিমান নিয়ে। এবার যদি সত্যিই বিসিবির ডাক আসে, সেই পুরোনো সম্পর্ক নতুনভাবে শুরু হয় কি না—সেটিই এখন দেখার অপেক্ষা।



