লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে দারুণ ছন্দে থাকা সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগেও। বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে নিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সাকিবকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে পোখারা অ্যাভেঞ্জার্স। তারা জানিয়েছে, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার এখন তাদের পরিবারের সদস্য। এনপিএলের তৃতীয় আসরে তাকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত।
চলমান এলপিএলে জাফনা কিংসের হয়ে বল হাতে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছেন সাকিব। তার অভিজ্ঞতা ও অলরাউন্ড নৈপুণ্য পোখারা অ্যাভেঞ্জার্সকে নতুন মৌসুমে বাড়তি শক্তি দেবে বলেই বিশ্বাস দলটির।
এদিকে, নতুন মৌসুম সামনে রেখে কোচিং স্টাফেও পরিবর্তন এনেছে পোখারা। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক রহস্য স্পিনার আজন্তা মেন্ডিস। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন তিনি।
আগামী ১৭ নভেম্বর শুরু হবে নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। ১৩ ডিসেম্বর পর্যন্ত চলা এই টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।
এবারের আসরে অংশ নেবে আটটি দল—বিরাটনগর কিংস, চিতওয়ান রাইনোস, জনকপুর বোল্টস, কর্ণালি ইয়াকস, কাঠমান্ডু গোরখাস, লুম্বিনি লায়ন্স, পোখারা অ্যাভেঞ্জার্স এবং সুদুরপশ্চিম রয়্যালস।



