ডারউইনে ইতিহাস গড়ার পর এবার ম্যাকাই টেস্টে নতুন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। যেখানে যেমন প্রমাণ করতে হবে প্রথম ম্যাচের জয়টা কোনো অঘটন নয়, তেমনি অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার হাতছানিও আছে টাইগারদের সামনে। তাই সামনেই চোখ অধিনায়ক নাজমুল হোসেন শান্তের।
প্রথম টেস্টের জয়কো ইতোমধ্যে অতীত বলে মনে করছেন তিনি। জানিয়েছেন দ্বিতীয় টেস্টেও সেশন ধরে ভালো ক্রিকেট খেলাই বাংলাদেশের মূল লক্ষ্য।
ম্যাকাই টেস্টের আগের দিন (শুক্রবার সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি, উইকেট, একাদশ, তানজিদ তামিম ও মুশফিকুর রহিমের অবস্থা থেকে শুরু করে অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণ—সবকিছু নিয়েই কথা বলেছেন শান্ত।
ম্যাকাইয়ের উইকেটকে ‘ভালো’ ও ‘স্পোর্টিং’ মনে হয়েছে শান্তর। অনুশীলনের উইকেটে বাউন্সও কিছুটা বেশি পেয়েছেন তারা। তবে টসের আগে সকালে আবার উইকেট দেখেই তবে একাদশ মিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
যদিও বাংলাদেশের স্কোয়াডে পাঁচ পেসার থাকলেও আপাতত তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলতেই স্বস্তি শান্তর। তার মতে, দলের দুই স্পিনারই অভিজ্ঞ ও যেকোনো কন্ডিশনে ভালো বল করার সামর্থ্য রাখেন।
শান্ত বলেন, ‘আমার সেই লাক্সারি আছে তিন পেসার, দুই স্পিনার খেলানোর। আমি এই কম্বিনেশনে খুশি আছি।’
এদিকে গতকাল বৃহস্পতিবার অনুশীলনে চোট পেলেও তানজিদ তামিম ও মুশফিকুর রহিম ভালো আছেন বলে জানান শান্ত। তবে ম্যাচের দিন মেডিক্যাল টিমের পর্যবেক্ষণের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান অধিনায়ক। এমনকি দলের হাতে বিকল্প রয়েছে বলে জানিয়েছেন শান্ত।
শরিফুল ইসলামকে নিয়েও ইতিবাচক খবর দিয়েছেন অধিনায়ক। তিনি সুস্থ আছেন এবং ভালো বোলিং করছেন। সুযোগ পেলে ভালো করবেন বলেও আশাবাদী শান্ত।
ম্যাকাইয়ের বাতাস বাংলাদেশের বোলারদের জন্য বাড়তি সুবিধা দিতে পারে বলেও মনে করেন শান্ত। বাতাস কাজে লাগাতে পারলে বোলাররা সুইং আদায় করতে পারবেন বলে তার বিশ্বাস।
এদিকে ডারউইনের ঐতিহাসিক জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে—এ কথা স্বীকার করলেও সেই জয় নিয়ে পড়ে থাকতে চান না বাংলাদেশ অধিনায়ক।
তার মতে, পেশাদার ক্রিকেটার হিসেবে নতুন কন্ডিশনে দ্রুত মানিয়ে নিয়ে আবার শুরু করাটাই গুরুত্বপূর্ণ।
শান্ত বলেন, ‘সেটা এখন অতীত হয়ে গেছে। এই কন্ডিশনে কিভাবে মানিয়ে নিতে পারি, এগুলো আলাপ হয়েছে। আশা করি, প্লেয়াররা সেখান থেকে বের হয়ে এখানে আবার নতুন করে শুরু করবে।’
প্রথম টেস্টে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে বলেও মনে করেন শান্ত। এবার দ্বিতীয় ম্যাচেও ভালো খেলতে চান শান্ত। ফলাফল নিয়ে চিন্তা না করে পাঁচ দিন, সেশন ধরে ভালো ক্রিকেট খেলাই তার পরিকল্পনা।
শান্ত বলেন ‘এতদূর চিন্তা করতে চাই না। আমরা প্রথম থেকে যে কথাটা বলে এসেছি, ভালো ক্রিকেট খেলতে চাই। এখানেও পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে চাই। জরুরি হচ্ছে একেক দিন একেক সেশন কত ভালো ক্রিকেট খেলছি।’



