ভারতে অনুষ্ঠেয় আরো একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিলো পাকিস্তান। খেলোয়াড়, কোচদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দেশটিতে দল পাঠাতে নারাজ পাকিস্তান সরকার। খবর জিও নিউজের।
শনিবার (৬ জুন) আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এজন্য পাকিস্তানকে ছাড়াই অনুষ্ঠিত হবে এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ।
আগামী ১৮ জুন থেকে ২৪ জুন নয়া দিল্লিতে হবে এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। এশিয়ার সব দেশের ফেন্সারেরা অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতার ১২ দিন আগে নাম প্রত্যাহার করে নিলো পাকিস্তান।
দেশটির ফেন্সিং কর্মকর্তাদের অভিযোগ, খেলোয়াড়দের নিরাপত্তা এবং সফর সংক্রান্ত কাগজপত্র এবং প্রয়োজনী আশ্বাস দিতে পারেননি ভারতীয় কর্মকর্তারা। তাই অনিশ্চয়তার জন্য প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে।
পাকিস্তান ফেন্সিং ফেডারেশনের সচিব উসমান আহমেদ বলেছেন, ‘সরকারি অনুমতি এবং সফরকারী খেলোয়াড়দের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব আয়োজকদের। এর কোনো ব্যাপারেই সরকারিভাবে আশ্বস্ত করা হয়নি। সে কারণেই ফেডারেশন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নিশ্চয়তা না পেলে আমাদের পক্ষে দল পাঠানো সম্ভব নয়।’
তিনি আরো বলেছেন, ‘ভারতের ফেন্সিং কর্মকর্তাদের দু’বার প্রয়োজনীয় সবকিছু পাঠিয়ে অনুরোধ করা হয়েছিল। তা-ও সাড়া আসেনি।’



