জাতীয় ঐক্যে আল্লামা সাঈদীর ত্যাগ ও কোরবানি ইতিহাস হয়ে থাকবে

সংগঠনের সভাপতি মুফাসসিরে কোরআন ড. আবুল কালাম আজাদ বাশারের সভাপতিত্বে ও মাওলানা আবুল কালাম আজাদ আজহারীর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা তারিক মুনাওয়ার।

নিজস্ব প্রতিবেদক
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা |ছবি : নয়া দিগন্ত

পবিত্র কোরআন ও হাদীসের আলোকে ইসলামের মর্মবাণী সহজ ও সাবলীল ভাষায় মানুষের কাছে তুলে ধরার মাধ্যমে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ভূমিকা অপরিসীম। শুধু তাই নয়, জাতীয় ঐক্যে তার ত্যাগ ও কোরবানি যুগের পর যুগ ইতিহাস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বক্তারা।

শনিবার দুপুরে ওলামা বিভাগ ঢাকা মহানগরী উত্তরের মুফাসসির জোনের উদ্যোগে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তারিক মুনাওয়ার বলেন, আল্লামা সাঈদী এশিয়া মহাদেশের অন্যতম কিংবদন্তি স্কলার ছিলেন। তিনি তাফসীর জগতে যে ধারা সৃষ্টি করেছেন তা ইতিহাসে বিরল। তিনি ছিলেন সাদা মনের মানুষ। সততা, নৈতিকতা ও শৃঙ্খলা তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য। তিনি মেহমানদারী পছন্দ করতেন। তিনি রাসূলুল্লাহ সা:-এর সুন্নাতে উদ্ভাসিত জীবনের প্রতিচ্ছবি ছিলেন।

তিনি বলেন, সদা হাসিমুখে কথা বলতেন। তার আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল মহান আল্লাহ সন্তুষ্টির জন্য। তিনি কখনো জালেমের কাছে মাথা নিচু করেননি। ১৪৪ ধারা ভেঙে তিনি তাফসীর মাহফিলে অংশগ্রহণ করেছেন। তার জীবন ছিল লোভহীন। তিনি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বজুড়ে সমাদৃত ছিলেন। তিনি ছিলেন সফল সংগঠক। তার আনুগত্য আজও আমাদের মুগ্ধ করে।

তারিক মুনাওয়ার বলেন, তাফসীর জগতে তাকে অনুসরণ ছাড়া মাহফিল করা বড়ই কঠিন। তিনি সকলের অভিভাবক ছিলেন। দীর্ঘ ১৩ বছর বিনা কারণে কারাগারে ছিলেন। জাতি আজও জানতে চায় কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। এমনকি তাকে ঢাকা শহরে জানাজা হতে দেয়া হয়নি। লাখো জনতা পিরোজপুরের জানাজায় অংশগ্রহণ করেছেন। তার রেখে যাওয়া কাজগুলো আঞ্জাম দেয়া আমাদের সকলের দায়িত্ব।

সংগঠনের সভাপতি মুফাসসিরে কোরআন ড. আবুল কালাম আজাদ বাশারের সভাপতিত্বে ও মাওলানা আবুল কালাম আজাদ আজহারীর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা তারিক মুনাওয়ার।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা বিভাগ ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ড. মীম আতিকুল্লাহ, সেক্রেটারি হাবিবুল্লাহ রুমি, মুফাসসিরে কোরআন মাওলানা ফখরুদ্দিন আহমেদ, ড. কামরুল হাসান শাহীন, মাওলানা মুফতি গোলাম কবির আজহারী, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শায়খ সাদেক মোহাম্মদ ইয়াকুব আল আযহারী, হাফেজ বেলাল হোসাইন, মুফতি আহমেদ শরীফ ও মাওলানা মোল্লা নাজমুল হাসান।