গণহত্যাকারীদের গ্রেফতারে এসপিকে স্মারকলিপি

Printed Edition

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকা-ের আসামিদের দ্রুত গ্রেফতার, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’। গত শনিবার সংগঠনের একটি প্রতিনিধিদল এই স্মারকলিপি পেশ করে।

স্মারকলিপিতে ছাত্রনেতারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতে এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার লক্ষ্যে গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং তাদের দোসররা চট্টগ্রামে নতুন করে নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। গণহত্যার মূল হোতা এবং মাঠপর্যায়ের সশস্ত্র অপরাধীদের অনেকেই এখনো প্রকাশ্যে কিংবা গোপনে বিচরণ করছে এবং তারা বিভিন্ন ছদ্মবেশে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।

নেতারা অনতিবিলম্বে ছাত্রলীগের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা, জুলাই হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও তাদের আশ্রয়দাতাদের আইনের আওতায় আনা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর পদক্ষেপের দাবি জানান। স্মারকলিপিতে ছাত্র অধিকার পরিষদের রবিউন হাসান তানজিম, ওসমান গণি, সবুজ, চবি ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয়, ছাত্র ফেডারেশনের আরিফুল হক আরিফ এবং ফটিকছড়ি কলেজ ছাত্রদলের সভাপতি কে এফ সাইমুন যৌথভাবে স্বাক্ষর করেন।