জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীর কাছে ফ্রান্স বিএনপির স্মারকলিপি

Printed Edition

ফ্রান্স থেকে প্রতিনিধি

সুইজারল্যান্ড সফলরত বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে ফ্রান্স বিএনপির একটি প্রতিনিধিদল প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরে স্মারকলিপি প্রদান করেছে। শনিবার জেনেভায় মন্ত্রীর কাছে দেয়া স্মারকলিপিতে ঢাকা-প্যারিস সরাসরি ফ্ল্যাইট চালুসহ মোট ১৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলও) অংশগ্রহণের জন্য বিশ্বের ১৮৭টি দেশের সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধি মিলিয়ে প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারী জেনেভায় সমবেত হচ্ছেন।

শনিবার রাত ১০টায় জেনেভা বিমানবন্দরে পৌঁছালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফ্রান্স বিএনপির নেতারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। পরে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ শুভেচ্ছা বিনিময় করেন।

স্মারকলিপি নিয়ে মন্ত্রী বলেন, উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেয়া হবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম রাঙ্গা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, বিএনপি নেতা মো: লুৎফর রহমান চৌধুরী, বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রফিকুল ইসলাম রাসেল, বিএনপি নেতা আব্দুল হাকিম, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি আবু বকর, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম আলী চৌধুরী, প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমেদ, মুন্সীগঞ্জ শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আল-আমিন, বিএনপি নেতা কামরুল ইসলাম প্রমুখ।