সিলেট ব্যুরো
সমাজে ইতিবাচক পরিবর্তন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক নেতৃত্বে ইমামদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও ‘ড্রিমস অ্যান্ড হোপ সোশ্যাল অর্গানাইজেশন সিলেট’-এর উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম।
গত সোমবার রাতে নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে সংগঠনটির উদ্যোগে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ ইমামস’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক ইমাম অংশ নেন।
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক কল্যাণে কাজ করলে সমাজ উপকৃত হবে এবং পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরো দৃঢ় হবে।
‘ড্রিমস অ্যান্ড হোপ সোশ্যাল অর্গানাইজেশন সিলেট’-এর চেয়ারম্যান ও ফিলিপাইনস ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদরাসা জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার এবং জালালাবাদ ইমাম ফাউন্ডেশনের সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান।



