জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে : ড. আলী আজাদী

Printed Edition

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, ইসলাম জ্ঞানচর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং পবিত্র কুরআনে জ্ঞানার্জনের প্রতি বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য কেবল সনদ অর্জন নয়; বরং জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে নিজেকে একজন যোগ্য ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলা। তিনি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। শনিবার নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আইআইইউসির মাস্টার্স প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া এবং রেজিস্ট্রার কর্নেল (অব:) মোহাম্মদ কাশেম পিএসসি। স্বাগত বক্তব্য রাখেন ওরিয়েন্টেশন প্রোগ্রামের আহ্বায়ক ড. মোহাম্মদ রিয়াজ মাহমুদ। কো-অর্ডিনেটরদের পক্ষে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আমান উল্লাহ এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রফেসর ড. শফিউল আলম ভূঁইয়া। বক্তারা উচ্চশিক্ষায় গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত উৎকর্ষ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের সর্বোচ্চ ব্যবহার করে নিজেদের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন এলএলএম প্রোগ্রামের শিক্ষার্থী মো: আসাদুল জামান তারেক এবং এমইএলটি প্রোগ্রামের শিক্ষার্থী উম্মে সালমা তাজনীন।