কৃষক দল নেতার বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ, আহত ৫

Printed Edition

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি অহেদ আলীর বিরুদ্ধে জমি দখলের চেষ্টা এবং হামলায় নারীসহ পাঁচজনকে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কণ্ঠনগর গ্রামের ভুক্তভোগী রাকিবুল হাসান ফাহিম এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে রাকিবুল জানান, অভিযুক্তদের সাথে তাদের যৌথ মালিকানাধীন জমি নিয়ে বিরোধ চলছে। আদালত থেকে উক্ত ভূমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ থাকা সত্ত্বেও গত ৬ জুন রাতে অহেদ আলীর নেতৃত্বে একদল লোক জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা চালায়। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। তবে পুলিশ চলে যাওয়ার পর অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় রাকিবুল হাসানের মা রেহেনা বেগম, চাচা শফিকুল ইসলাম, চাচাতো ভাই রাসেল ও ভগ্নিপতি জাকির হোসেনসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগীদের দাবি, হামলার পরও অভিযুক্তরা বিভিন্ন হুমকি দিচ্ছে, যার ফলে পুরো পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত কৃষক দল নেতা অহেদ আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ব্যস্ততার অজুহাতে ফোন কেটে দেন। বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।