চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম শুল্ক ভবনে নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। ফলে দিনভর শুল্কায়ন কার্যক্রম বিঘিœত হয়, যার প্রভাব পড়ে বন্দর ও অফডকগুলোতে।
একাধিক সিঅ্যান্ডএফ এজেন্ট নয়া দিগন্তকে জানিয়েছেন, গতকাল রোববার সপ্তাহের শুরুর দিনেই শুল্ক ভবনে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। সকাল থেকে কয়েক দফায় দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ চলে গেলেও বেলা ২টার পর থেকে টানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এ সময় কাস্টম হাউজের নিজস্ব তিনটি জেনারেটরও সচল ছিল না বলে ভুক্তভোগীরা জানায়।
সিঅ্যান্ডএফ এজেন্টদের অভিযোগ- বিদ্যুৎ বিপর্যয়ের ফলে আমদানি-রফতানিকারকের প্রতিনিধিরা অনলাইনে বিল অব এন্ট্রি দাখিল করলেও তা প্রিন্ট করতে পারেননি। ফলে শুল্কায়ন গ্রুপগুলোতে শুল্কায়নের জন্যও জমা দিতে পারেননি। এ সময় বিভিন্ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তাদের অলস সময় কাটাতে দেখা যায়।



