ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখে ঢালাই

Printed Edition

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মহিলা কলেজ সড়কে নির্মাণাধীন একটি ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই ঢালাইয়ের প্রস্তুতি নেয়া হচ্ছে। এতে ড্রেনের কার্যকারিতা, রক্ষণাবেক্ষণ ও জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঢালাইয়ের আগেই খুঁটিটি সরিয়ে নেয়া হবে।

সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন ড্রেনের ঠিক মাঝখানে একটি বৈদ্যুতিক খুঁটি দাঁড়িয়ে রয়েছে। এটি না সরিয়েই চারপাশে রডের কাঠামো তৈরি করে ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছেন নির্মাণকর্মীরা। পাশাপাশি নির্মাণস্থলে বাঁশের অস্থায়ী সেতু ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা সামগ্রীর কারণে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, ড্রেনের মাঝখানে খুঁটি রেখে কাজ শেষ করলে পানি চলাচলে বাধা তৈরি হবে। এতে ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে পড়বে এবং বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে যাবে। তাই ঢালাইয়ের আগেই এটি অপসারণ এবং তদারকি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

রায়পুর পৌরসভার প্রশাসক মেহেদী হাসান কাউছার বলেন, বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তারা দ্রুত খুঁটিটি সরিয়ে নেবে। রায়পুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোশারফ হোসেনও জানান, শিগগিরই খুঁটিটি অপসারণ করা হবে।