দুপচাঁচিয়ায় প্লাস্টিক কারখানায় শ্রমিকের মৃত্যু

Printed Edition

দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার দুপচাঁচিয়ায় একটি প্লাস্টিক ব্যাগ (প্লাস্টিক বস্তা) তৈরির কারখানায় কাজ করার সময় মেশিনে জড়িয়ে আলিফ (১৭) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আলিফ দিনাজপুর জেলার বিরল উপজেলার উত্তর দোগাছী গ্রামের গুলজার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দুপচাঁচিয়া মেসার্স নর্থ বেঙ্গল প্লাস্টিক ব্যাগ ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করছিল। গত শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে।

জানা যায়, আলিফ ফ্যাক্টরিতে প্লাস্টিকের সুতা তৈরির রোলার মেশিনে কাজ করছিল। অসাবধানতাবশত তিনি মেশিনের সাথে জড়িয়ে পড়ে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। এ সময় ফ্যাক্টরির অন্যান্য শ্রমকি এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, ফ্যাক্টরিতে কাজ করার সময় অসাবধানতাবশত ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।